“নলকূপের পানি নেওয়া নিয়ে বিরোধ, পেকুয়ায় বৃদ্ধের মৃত্যু; ৯ জনের বিরুদ্ধে মামলা”
কক্সবাজারের পেকুয়ায় নলকূপের পানি নেওয়াকে কেন্দ্র করে ইউসুফ আলী (বৃদ্ধ) নামে এক ব্যক্তিকে মারধর ও সড়কে আছাড় দিয়ে হত্যার অভিযোগে মামলা হয়েছে। মামলায় একই পরিবারের পাঁচজনসহ মোট ৯ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে পাঁচজনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ৪ থেকে ৫ জনকে আসামি করা হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে নিহতের স্ত্রী ছেনুয়ারা বেগম বাদী হয়ে পেকুয়া থানায় মামলাটি করেন। মামলার নম্বর ১২/২৬।
নিহত ইউসুফ আলী টইটং ইউনিয়নের আলিম্যারঝিরি এলাকার কাদের বখশোর ছেলে।
এজাহারে নাম উল্লেখ করা আসামিরা হলেন—টইটং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আলিম্যারঝিরি এলাকার নুরুল কাদের, তাঁর ছেলে আকাশ, স্ত্রী সালমা বেগম এবং দুই মেয়ে ফাহিমা ও জিয়াসমিন আক্তার ওরফে বালি।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৬ সেপ্টেম্বর বিকেলে আলিম্যারঝিরি এলাকায় নলকূপ থেকে পানি নেওয়াকে কেন্দ্র করে ইউসুফ আলীর সঙ্গে আসামিদের বিরোধ হয়। একপর্যায়ে তাঁকে দুই দফায় মারধর করা হয়। পরে পাকা সড়কের ওপর মাথায় তুলে আছাড় দেওয়ার অভিযোগ করা হয়েছে। এতে ইউসুফ আলী গুরুতর আহত হন। একই ঘটনায় তাঁর পরিবারের আরও তিন সদস্য আহত হন।
গুরুতর আহত ইউসুফ আলীকে প্রথমে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে তাঁর মৃত্যু হয়।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, ইউসুফ আলী হত্যাকাণ্ডে পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৪ থেকে ৫ জনকে আসামি করে মামলা রেকর্ড করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের একটি দল কাজ করছে।
This theme has been developed by OURISLABD.