পেকুয়ায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রশিক্ষণ অনুষ্ঠিত
পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়ায় তথ্যপ্রযুক্তিতে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT) প্রশিক্ষণ’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ৯:৩০ টায় পেকুয়া উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। খান ফাউন্ডেশনের বাস্তবায়নে, পালস বাংলাদেশ সোসাইটির বাস্তবায়ন সহযোগিতায় এবং সুইস ডেভেলপমেন্ট এন্ড কো-অপারেশন (SDC), গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা, ইউরোপিয়ান ইউনিয়ন এর অর্থনৈতিক সহযোগিতা এবং নাগরিকতা-জিএফএ'র কারিগরি সহযোগিতায় দিনব্যাপী এই প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের ডিজিটাল দক্ষতার ভিত্তি মজবুত করা, ICT-এর মৌলিক ধারণা, ডিজিটাল রূপান্তর, এবং কম্পিউটার ও স্মার্টফোন পরিচালনার কৌশল শেখানো হয়। এতে বিশেষ করে Windows, Android, বাংলা টাইপিং, PDF ফাইল তৈরি ও নিরাপদ ইন্টারনেট ব্যবহারের ওপর বিস্তারিত ধারণা দেওয়া হয়।
প্রশিক্ষণের বিভিন্ন সেশনে তথ্য সংগ্রহ ও ব্যবস্থাপনা সহজ করতে ডিজিটাল জরিপ, Google Forms, Google Drive এবং Excel/Google Sheets-এর মাধ্যমে তথ্য বিশ্লেষণ ও 'Beneficiary Database Tracking'-এর ব্যবহারিক কৌশল শেখানো হয়। এছাড়া Microsoft Word ও Google Docs ব্যবহার করে ডিজিটাল ডকুমেন্ট ও রিপোর্ট প্রস্তুতকরণের বিষয়ে সেশন পরিচালনা করা হয়।
সেশনসমূহে তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে Dashboard Progress Report তৈরি, তথ্যের উৎস যাচাই ও ‘Fake News Fact Checking’-এর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। একই সাথে সাইবার নিরাপত্তার ঝুঁকিমুক্ত থাকতে Password সুরক্ষা, 2FA (টু-ফ্যাক্টর অথেন্টিকেশন), Phishing প্রতিরোধ ও ব্যক্তিগত তথ্য সুরক্ষার বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন সহায়করা।
পরবর্তী সেশনগুলোতে ডিজিটাল নাগরিক অংশগ্রহণ, স্থানীয় সরকারে ICT ও E-Governance সেবার ব্যবহার এবং Social Media ব্যবস্থাপনা ও Digital Advocacy-এর ক্ষেত্র নিয়ে আলোচনা করা হয়। একই সাথে ‘প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডারভিত্তিক সহিংসতা (TFGBV)’ প্রতিরোধ, এর আইনি প্রেক্ষাপট, বিদ্যমান চ্যালেঞ্জ ও করণীয় সম্পর্কে সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা সংগৃহীত তথ্যের ভিত্তিতে গ্রুপভিত্তিক দলীয় কাজ, উপস্থাপনা ও ব্যবহারিক অনুশীলনে অংশ নেন।
দুপুর ২টায় খাবার ও নামাজের বিরতির পর বিকেল ৪:৩০ টায় ফিডব্যাক, প্রশ্নোত্তর, দলীয় প্রস্তাবনা ও সমাপনী বক্তব্যের মাধ্যমে দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচির সফল সমাপ্তি ঘটে।
উল্লেখ্য যে, প্রশিক্ষণের অংশগ্রহণ করেন সুশীল সমাজের প্রতিনিধিত্বকারী সংস্থার প্রতিনিধি (CSO) , নির্বাচিত জনপ্রতিনিধি ও নাগরিক ফোরাম সদস্যসহ মোট ২৫ জন। সহায়ক হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ ইমন চৌধুরী, আইসিটি কর্মকর্তা, এবং খান ফাউন্ডেশন এর জেলা প্রকল্প কর্মকর্তা ও প্রজেক্ট অফিসার।
This theme has been developed by OURISLABD.