বিয়ের আনন্দ মুহূর্তেই বিষাদে, পেকুয়ায় বিদ্যুৎস্পৃষ্টে ডেকোরেশনকর্মীর মৃত্যু
খোরশেদুল ইসলাম, পেকুয়া :
কক্সবাজারের পেকুয়ায় বিয়ে বাড়িতে ডেকোরেশনের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাইফুল ইসলাম (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার মগনামা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মিয়াজীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম ওই এলাকার ডেকোরেশন ব্যবসায়ী আবছারের ছোট ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মিয়াজীপাড়ার বাসিন্দা ওচমানের ছোট ভাই জাকের হোসেনের বিয়ে উপলক্ষে সাইফুল নিজেদের ডেকোরেশন প্রতিষ্ঠানের কাজ করতে ওই বাড়িতে যান। আলোকসজ্জা ও ডেকোরেশনের কাজ শেষে সরঞ্জাম খুলে আনার সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।
পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পেকুয়া সদরের একটি বেসরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে তার মরদেহ মিয়াজীপাড়ার নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মগনামা ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী ইউপি সদস্য আঞ্জুমান আরা বলেন, ডেকোরেশনের সরঞ্জাম খোলার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাইফুল গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
This theme has been developed by OURISLABD.