পেকুয়া মগনামা ঘাটে বোটে ওঠার সময় সাগরে পড়ে যুবক নিখোঁজ
তিন ঘণ্টা পেরিয়েও সন্ধান মেলেনি শামিমের, উদ্ধার অভিযান অব্যাহত
খোরশেদুল ইসলাম, পেকুয়া:
কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা লঞ্চঘাটে বোটে ওঠার সময় সাগরের পানিতে পড়ে শামিম নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে মগনামা ইউনিয়নের লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ শামিম ভোলা জেলার বাসিন্দা মোসলেম উদ্দিনের ছেলে, তিনি চট্টগ্রামের একটি শিপ কোম্পানিতে চাকরি করতেন।
নিখোঁজের স্ত্রী করিনা বেগম জানান, প্রায় এক বছর আগে তাদের বিয়ে হয়, তিনি চট্টগ্রামের একটি গার্মেন্টসে চাকরি করেন। স্বামী শামিমও চট্টগ্রামে একটি শিপ কোম্পানিতে চাকরি করেন। অসুস্থতার কারণে স্বামীকে সঙ্গে নিয়ে বাবার বাড়ি কুতুবদিয়ায় যাচ্ছিলেন তিনি।
করিনা বেগম বলেন, মগনামা ঘাটে পৌঁছে ডেনিস বোটে ওঠার সময় তার সামনে অসাবধানতাবশত শামিম পানিতে পড়ে যান। তিনি সাঁতার জানলেও পানিতে পড়ার পর দ্রুত ডুবে যান। পরে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।
ঘাটের ইজারাদার নুরুল ইসলাম জানান, অসাবধানতাবশত ওই যুবক পানিতে পড়ে যান। বিষয়টি সঙ্গে সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হলে ফায়ার সার্ভিসকে ঘটনাস্থলে পাঠানো হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা দীর্ঘ সময় ধরে উদ্ধার অভিযান চালালেও নিখোঁজ যুবকের সন্ধান পাওয়া যায়নি।
পেকুয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ শামিম আহমেদ জানান, উপজেলা প্রশাসনের কাছ থেকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করা হয়। তবে তাদের কাছে ডুবুরি না থাকায় পানিতে নিখোঁজ ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করা সম্ভব হয়নি। নিখোঁজ ব্যক্তি ভেসে না ওঠা পর্যন্ত তাকে উদ্ধারে জটিলতা রয়েছে বলেও জানান তিনি।
এদিকে শামিম নিখোঁজের ঘটনায় মগনামা ঘাট এলাকায় স্বজন ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে, তার সন্ধানে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।
This theme has been developed by OURISLABD.