আড়াই মাস পর পেকুয়ার আবু তাহের হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
কক্সবাজারের পেকুয়ায় আবু তাহের (৬৫) হত্যা মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি মোহাম্মদ সিফাতকে গ্রেপ্তার করেছে র্যাবের যৌথ আভিযানিক দল। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) টেকনাফ মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সিফাত পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের বহদ্দারপাড়া এলাকার নুরুল হোসেনের ছেলে।
র্যাব-৭, র্যাব-১৫ ও কক্সবাজারের যৌথ আভিযানিক দল অভিযানটি পরিচালনা করে। পরে র্যাব-৭ তাদের ফেসবুক পেজে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
মামলা সূত্রে জানা যায়, গত ২৬ জুন রাত সাড়ে ৯টার দিকে মগনামা ইউনিয়নের হারুন মাতবরপাড়া এলাকায় দুর্বৃত্তদের হামলায় আবু তাহের নিহত হন। এ ঘটনায় নিহতের ছেলে মো. তারেক (২৫) বাদী হয়ে ২৮ জুন পেকুয়া থানায় একটি হত্যা মামলা করেন।
মামলার নম্বর ২৫/১০৯-২৬। এতে মোহাম্মদ সিফাত, নাজেম উদ্দিন ও বাহাদুরকে এজাহারভুক্ত আসামি করা হয়। মামলায় আরও ২-৩ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
মামলা দায়েরের পর দীর্ঘ সময় পলাতক থাকার পর টেকনাফ থেকে মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি সিফাতকে গ্রেপ্তার করা হলো।
নিহতের ছেলে ও মামলার বাদী মো. তারেক বলেন, তাঁর বাবা আবু তাহেরকে হত্যার ঘটনায় সিফাতসহ আরও কয়েকজন জড়িত। ১ নম্বর আসামি সিফাত গ্রেপ্তার হওয়ায় তাঁরা সন্তুষ্ট। দ্রুত অন্য আসামিদেরও গ্রেপ্তার করে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি।
This theme has been developed by OURISLABD.