উন্নয়নবঞ্চিত মগনামা ৫ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে নুরুল কাইয়ুম
পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদস্য (মেম্বার) পদে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক নুরুল কাইয়ুম।
মহুরীপাড়া সমাজ পরিচালনা কমিটির সভাপতি নুরুল কাইয়ুম দীর্ঘদিন প্রবাসে ছিলেন। বর্তমানে তিনি মহুরীপাড়া বাজারে চাউলের আড়ত ব্যবসার সঙ্গে জড়িত। ব্যবসার পাশাপাশি স্থানীয় বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তাঁর সম্পৃক্ততা রয়েছে।
স্থানীয়দের মতে, মগনামা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডটি দীর্ঘদিন ধরে উন্নয়নের দিক থেকে পিছিয়ে রয়েছে। রাস্তাঘাট, যোগাযোগব্যবস্থা, শিক্ষা, নাগরিক সুবিধাসহ বিভিন্ন ক্ষেত্রে ওয়ার্ডটির উন্নয়ন প্রয়োজন। ফলে আগামী নির্বাচনে এলাকার উন্নয়ন ও মানুষের প্রত্যাশা পূরণে কার্যকর ভূমিকা রাখতে পারেন—এমন প্রার্থীকে জনপ্রতিনিধি হিসেবে দেখতে চান অনেক বাসিন্দা।
নুরুল কাইয়ুম বলেন, “মগনামা ৫ নম্বর ওয়ার্ড দীর্ঘদিন ধরে কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে পিছিয়ে রয়েছে। আমি নির্বাচিত হলে ওয়ার্ডের মানুষের মৌলিক সমস্যা চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের চেষ্টা করব। বিশেষ করে রাস্তাঘাট ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষা, নাগরিক সুবিধা এবং সামাজিক নিরাপত্তার বিষয়গুলোকে গুরুত্ব দিতে চাই।”
তিনি আরও বলেন, “দীর্ঘদিন প্রবাসে থাকার পর এখন নিজ এলাকার মানুষের পাশে থেকে কাজ করতে চাই। আমি ব্যক্তিগত কোনো স্বার্থে নয়, মানুষের সেবা ও এলাকার উন্নয়নের লক্ষ্যেই নির্বাচনে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ওয়ার্ডবাসী আমাকে যোগ্য মনে করলে তাদের আস্থা ও ভালোবাসার প্রতিদান দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব।
“নির্বাচিত হলে মাদক ও জুয়া নির্মূলে কঠোর ভূমিকা রাখব, ইনশাআল্লাহ।”
স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, “৫ নম্বর ওয়ার্ড দীর্ঘদিন ধরে নানা দিক থেকে পিছিয়ে আছে। বিশেষ করে যোগাযোগব্যবস্থা ও অবকাঠামোগত উন্নয়নে আরও গুরুত্ব দেওয়া প্রয়োজন। আমরা এমন একজন জনপ্রতিনিধি চাই, যিনি নিয়মিত মানুষের পাশে থাকবেন এবং এলাকার উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন।”
তাদের দাবি, নুরুল কাইয়ুম দীর্ঘদিন ধরে ব্যবসার পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। মহুরীপাড়া সমাজ পরিচালনা কমিটির দায়িত্ব পালনকালে তিনি স্থানীয় বিভিন্ন বিষয়ে ভূমিকা রেখেছেন। এ কারণে তাঁর প্রার্থিতা নিয়ে ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের মধ্যে আলোচনা শুরু হয়েছে।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মগনামা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে স্থানীয়দের মধ্যে চলছে নানা আলোচনা। এরই মধ্যে নুরুল কাইয়ুমের প্রার্থিতার বিষয়টি সামনে আসায় নির্বাচনী মাঠে নতুন সমীকরণ তৈরি হতে পারে বলে মনে করছেন স্থানীয়রা।
This theme has been developed by OURISLABD.