পেকুয়ায় চাঁদা না পেয়ে গৃহবধূর ওপর হামলা ও বসতঘর ভাঙচুর, আহত ১
পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের রব্বানী পাড়া ১ নম্বর ওয়ার্ডে চাঁদা না পেয়ে এক বসতঘরে হামলা, ভাঙচুর ও গৃহবধূকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। বুধবার (৫ আগস্ট) সকাল ৮টার দিকে এই হামলার ঘটনা ঘটে। এতে জোসনা বেগম (৩০) নামের এক গৃহবধূ গুরুতর আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, বুধবার সকালে রব্বানী পাড়া এলাকার ওচমান গনির (নন্না ফকির) ছেলে আলী আকবর (২৫) হঠাৎ স্থানীয় গিয়াস উদ্দিনের বসতঘরে অনাধিকার প্রবেশ করেন। সেখানে তিনি গিয়াস উদ্দিনের পরিবারের কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদার টাকা দাবির কারণ জানতে চাইলে আলী আকবর ক্ষিপ্ত হয়ে বসতঘরে হামলা চালান এবং ব্যাপক ভাঙচুর করেন। এ সময় বাধা দিলে তিনি গিয়াস উদ্দিনের স্ত্রী জোসনা বেগমকে এলোপাতাড়ি মারধর করে রক্তাক্ত জখম করেন।
ভুক্তভোগী গিয়াস উদ্দিন বলেন, "ঘটনার সময় আমি বাড়িতে ছিলাম না। হামলার খবর পেয়ে দ্রুত বাসায় এসে দেখি আমার স্ত্রীকে বেধড়ক মারধর করা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম রয়েছে। চাঁদা না পেয়েই এই হামলা চালানো হয়েছে।"
এ ঘটনায় ভুক্তভোগী পরিবার অভিযুক্ত আলী আকবরের বিরুদ্ধে থানায় মামলাসহ আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।
This theme has been developed by OURISLABD.
Post a Comment