x

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

শিরোনাম ::
শিরোনাম ::

পেকুয়ায় ঐতিহ্যবাহী ওয়ারেচী জমিদার বাড়িতে সশস্ত্র লুটপাট, কেয়ারটেকারকে পিটিয়ে জখম

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


 বিশেষ প্রতিনিধি, কক্সবাজার:

কক্সবাজারের পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নে ঐতিহ্যবাহী ওয়ারেচী পরিবারের শতবর্ষী জমিদার বাড়িতে এক দুঃসাহসিক সশস্ত্র লুটপাটের ঘটনা ঘটেছে। শনিবার (১ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে ১০-১২ জনের একদল মুখোশধারী দুর্বৃত্ত এ তাণ্ডব চালায়।

লুটপাটে বাধা দেওয়ায় বাড়ির দীর্ঘদিনের কেয়ারটেকার মুহাম্মদ মানিককে (২৯) হাতুড়িপেটা ও মারধর করে গুরুতর আহত করা হয়। বর্তমানে তিনি পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। আহত মানিক বারবাকিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পাহাড়িয়াখালী এলাকার মৃত ছৈয়দুল আলমের ছেলে। তিনি গত দুই বছর ধরে মরহুম সাইফুর রহমান ওয়ারেচীর বাড়ির তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

হাসপাতালে চিকিৎসাধীন মুহাম্মদ মানিক ঘটনার বর্ণনা দিতে গিয়ে জানান, প্রতিদিনের মতো শনিবার রাতেও তিনি ঘুমিয়ে ছিলেন। রাত আনুমানিক ৩টার দিকে বিকট শব্দে দরজায় টোকা পড়ে।

"পুলিশ পরিচয়ে জানালা দিয়ে বলা হয়—একজন ছিনতাইকারী ভেতরে ঢুকেছে, দরজা খোলেন। সরল বিশ্বাসে দরজা খুলতেই ৩ জন মুখোশধারী ভেতরে ঢুকে আমার হাতে হ্যান্ডকাফ পরিয়ে দেয়। এরপর টেনে-হিঁচড়ে পুকুরপাড়ে নিয়ে যায়, সেখানে আগে থেকেই প্যান্ট-শার্ট পরিহিত আরও ৭-৮ জন সশস্ত্র দুর্বৃত্ত অবস্থান করছিল।" মুহাম্মদ মানিক (আহত কেয়ারটেকার)

মানিক অভিযোগ করেন, পুকুরপাড়ে নিয়ে দুর্বৃত্তরা তাকে ঘুষি ও হাতুড়ি দিয়ে মারধর করে। পরে গামছা দিয়ে চোখ-মুখ এবং হাত-পা বেঁধে বাড়ির পাশের একটি খুঁটির সঙ্গে আটকে রেখে পুরো বাড়িতে তাণ্ডব চালায়। দুর্বৃত্তরা সিএনজি অটোরিকশা কেনার জন্য মানিকের জমিয়ে রাখা ৮২ হাজার টাকা এবং ব্যবহৃত মোবাইল ফোনটি ছিনিয়ে নেয়।

কেয়ারটেকার মানিক আরও জানান, তাণ্ডব চলাকালে দুর্বৃত্তরা সাইফুর রহমান ওয়ারেচীর মূল ভবনের পাশাপাশি ছাদেকুর রহমান ওয়ারেচী, মোছাদ্দেক রহমান ওয়ারেচী এবং শহীদুর রহমান ওয়ারেচীর কাছারি বাড়িতেও তল্লাশি ও লুটপাট চালায়।

ঘটনার সময় মানিকের স্ত্রী আয়েশা বেগম ভোটার তথ্য সংশোধনের কাজে বাবার বাড়িতে অবস্থান করছিলেন। দুর্বৃত্তরা চলে যাওয়ার পর তার চিৎকারে স্থানীয় বাজারের লোকজন এসে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে। প্রত্যক্ষদর্শীদের মতে, একটি হাইয়েস মাইক্রোবাসে করে আসা দুর্বৃত্তরা প্রায় এক ঘণ্টাব্যাপী এই তাণ্ডব চালিয়ে দ্রুত সটে পড়ে।

ওয়ারেচী পরিবার দক্ষিণাঞ্চলের একটি অত্যন্ত প্রভাবশালী ও ঐতিহ্যবাহী পরিবার। সাবেক চেয়ারম্যান ও পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত ছাদেকুর রহমান ওয়ারেচী এবং তার বাবা প্রয়াত ছৈয়দুর রহমান ওয়ারেচী বহু বছর এই অঞ্চল শাসন করেছেন। শত বছরের ইতিহাসে এ ধরনের দুর্ধর্ষ ডাকাতি ও লুটপাটের ঘটনায় পুরো পেকুয়াজুড়ে ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।

পরিবারের প্রতিনিধি তারেকুর রহমান ওয়ারেচী মুঠোফোনে বলেন, "আমরা পুরো পরিবার চট্টগ্রাম শহরে বসবাস করি। সকালে ফোনে জানতে পারি যে শত বছরের ঐতিহ্যবাহী বাড়িতে লুটপাট ও কেয়ারটেকারকে মারধর করা হয়েছে। আমাদের পরিবারের ইতিহাসে এমন দুঃসাহসিক ঘটনা আগে কখনও ঘটেনি। আমরা এটি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন।"

অন্যতম ভুক্তভোগী ওয়াহিদুর রহমান ওয়ারেচী ও শহিদুর রহমান ওয়ারেচী জানান, বসতবাড়িতে বিপুল মূল্যবান মালামাল রাখা ছিল। বাড়িতে কেউ না থাকার সুযোগে এই ঘটনা ঘটানো হয়েছে। কী কী মালামাল খোয়া গেছে তা সরেজমিনে দেখে নিশ্চিত হওয়া যাবে।

এ বিষয়ে জানতে চাইলে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান জানান, "ঘটনাটি সম্পর্কে এখনও কেউ আনুষ্ঠানিকভাবে থানায় অভিযোগ করেননি বা অবগত করেননি। তবে বিষয়টি সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।"

This theme has been developed by OURISLABD.
শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন