কক্সবাজারের পেকুয়ায় সাবেক ইউপি সচিবের ৩ বছরের কারাদণ্ড
খোরশেদুল ইসলাম,পেকুয়া
কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সচিব নুরুল আলমকে ভুয়া জন্মনিবন্ধন সনদ ইস্যুর অপরাধে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। অনাদায়ে তাকে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
আজ (মঙ্গলবার) কক্সবাজারের বিজ্ঞ সিনিয়র স্পেশাল জজ আদালত এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কড়া নিরাপত্তায় কারাগারে পাঠানো হয়।
মামলার বিবরণ ও স্থানীয় সূত্রে জানা যায়, মগনামা ইউনিয়ন পরিষদে সচিব হিসেবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করে ভুয়া তথ্য ও জালিয়াতির মাধ্যমে বিপুলসংখ্যক ভুয়া জন্মনিবন্ধন সনদ প্রস্তুত করেন নুরুল আলম। পরবর্তীতে প্রশাসনিক তদন্তে তথ্য জালিয়াতির সত্যতা মিললে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে নিয়মিত মামলা দায়ের করা হয়।
দীর্ঘ শুনানি ও পর্যাপ্ত সাক্ষ্যপ্রমাণ গ্রহণ শেষে আদালত আসামি নুরুল আলমের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় এই দণ্ডাদেশ প্রদান করেন।
এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, "সরকারি পদের অপব্যবহার করে ভুয়া জন্মসনদ তৈরির মাধ্যমে নুরুল আলম গুরুতর অপরাধ করেছেন। এই রায় জালিয়াতি চক্রের বিরুদ্ধে একটি শক্ত বার্তা দেবে এবং প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করতে ভূমিকা রাখবে।"

Post a Comment