মগনামা শাহ রশিদিয়া মাদ্রাসায় অভিভাবক সমাবেশ: দাখিল পরীক্ষায় ভালো ফলাফলের তাগিদ
আজ মঙ্গলবার সকাল ১১টায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে মাদ্রাসা মিলনায়তনে এ সমাবেশ শুরু হয়। এতে আগামী দাখিল পরীক্ষার্থী, তাদের অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা এবং মাদ্রাসা পরিচালনা কমিটির সম্মানিত সদস্যরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি পরিচালনা ও এতে সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ নুর।
সমাবেশে উপস্থিত বক্তারা শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতি এবং ভালো ফলাফলের লক্ষ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক পরামর্শ দেন। পরিচালনা কমিটির নেতৃবৃন্দ ও শিক্ষক মণ্ডলী মাদ্রাসার শিক্ষার মান বাড়াতে, নিয়মিত ক্লাসে উপস্থিতি নিশ্চিত করতে এবং বাড়িতে শিক্ষার্থীদের পড়ালেখার যথাযথ তদারকিতে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান।
উক্ত সমাবেশে মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, পরিচালনা কমিটির সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেষভাগে প্রতিষ্ঠানের সার্বিক উন্নতি এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
