পেকুয়ায় আগুনে বসতঘরসহ পুড়ল ৪ গরু, নিঃস্ব দিনমজুর পরিবার
খোরশেদুল ইসলাম,পেকুয়া:
কক্সবাজারের পেকুয়ায় ভয়াবহ আগুনে বসতঘরের পাশাপাশি পুড়ে মারা গেছে চারটি গরু। এক মুহূর্তের অগ্নিকাণ্ডে দিনমজুর আবু জাফরের পরিবারের সর্বস্ব হারিয়ে পথে বসার উপক্রম হয়েছে।
রোববার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের কুতুব পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়, দিনমজুর আবু জাফর কয়েক বছর আগে ঋণ নিয়ে দুটি গরু কেনেন। পরে তা থেকে জন্ম নেওয়া দুটি বাছুরসহ মোট চারটি গরু লালন-পালন করছিলেন তিনি। আশা ছিল গরুগুলো বিক্রি করে ঋণের টাকা শোধ করবেন এবং জমি বন্ধক নিয়ে চাষাবাদ শুরু করবেন। কিন্তু রবিবারের আগুনে সেই স্বপ্ন ছাই হয়ে গেছে। গরুগুলোর পাশাপাশি আসবাবপত্র, পরিধেয় বস্ত্র ও প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এতে আনুমানিক ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগী পরিবারের।
কান্নাজড়িত কণ্ঠে আবু জাফর বলেন, "কষ্টের ফসল শেষ হয়ে গেল। এখন কীভাবে পরিবার আর সংসার চালাব, তা ভেবে পাচ্ছি না।"
পেকুয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দায়িত্বশীল কর্মকর্তা জানান, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে রওনা হন। তবে যাতায়াতের রাস্তা খারাপ হওয়ায় পৌঁছাতে বেগ পেতে হয়। অগ্নিকাণ্ডের সময় বাড়িতে কেউ ছিলেন না, তাই আগুনের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত কিছু জানা যায়নি। ঘটনায় ৪টি গরু ও মালামাল পুড়ে ক্ষয়ক্ষতি হয়েছে।
This theme has been developed by OURISLABD.