মগনামায় জলাবদ্ধতা নিরসনে কাল থেকে নামছে প্রশাসন: উচ্ছেদ হবে সব অবৈধ বাঁধ ও জাল
খোরশেদুল ইসলাম,পেকুয়া কক্সবাজার:
সাম্প্রতিক বন্যা ও ভয়াবহ জলাবদ্ধতা পরিস্থিতি থেকে মগনামাবাসীকে মুক্ত করতে এক জরুরি সভায় বসেছে মগনামা ইউনিয়ন পরিষদ। সভায় দীর্ঘদিনের পুঞ্জীভূত জলাবদ্ধতা দূরীকরণে এবং পানি নিষ্কাশন ব্যবস্থা স্বাভাবিক করতে বেশ কিছু গুরুত্বপূর্ণ ও কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ (রবিবার) মগনামা ইউনিয়ন পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত এই জরুরি সভায় ইউনিয়নের বিভিন্ন খাল, স্লুইস গেইট ও সামগ্রিক পানি নিষ্কাশন ব্যবস্থার বর্তমান নাজুক অবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
পরিষদ সূত্রে জানা গেছে, সভায় গৃহীত সিদ্ধান্ত এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জননেতা সালাহউদ্দিন আহমেদ মহোদয়ের বিশেষ নির্দেশনা অনুযায়ী আগামীকাল (সোমবার) থেকে মগনামায় একযোগে বিশেষ উচ্ছেদ অভিযান শুরু হতে যাচ্ছে। মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইউনুছ চৌধুরীর সরাসরি নেতৃত্বে এই অভিযান পরিচালিত হবে।
অভিযানকালে রূপাই খালসহ ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ খাল, স্লুইস গেইট এবং স্বাভাবিক পানি প্রবাহের পথে স্থাপিত সকল প্রকার অবৈধ বাঁধ ও মৎস্য ধরার অবৈধ জাল উচ্ছেদ ও অপসারণ করা হবে।
স্থানীয় জনপ্রতিনিধি ও ভুক্তভোগীদের সাথে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে একশ্রেণীর প্রভাবশালী ও স্বার্থান্বেষী মহল বিভিন্ন সরকারি খাল ও পানি নিষ্কাশনের মুখে অবৈধভাবে বাঁধ ও জাল স্থাপন করে রেখেছে। এর ফলে সামান্য বৃষ্টিতেই মগনামাজুড়ে কৃত্রিম জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে।
"স্বাভাবিক পানি প্রবাহ ব্যাহত হওয়ায় দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার কবলে পড়ছে পুরো ইউনিয়ন। এতে সাধারণ মানুষ, কৃষক, মৎস্যচাষী ও স্থানীয় ব্যবসায়ীরা প্রতিনিয়ত ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।"
মগনামা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতি জরুরি আহ্বান জানিয়ে বলা হয়েছে, আগামীকাল অভিযান শুরু হওয়ার পূর্বেই যেন সবাই নিজ দায়িত্বে ও স্বেচ্ছায় তাদের অবৈধ বাঁধ এবং জাল অপসারণ করে নেন।
চেয়ারম্যান মোঃ ইউনুছ চৌধুরী এক সতর্কবার্তায় জানান, "জনস্বার্থে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। যারা স্বেচ্ছায় এগুলো অপসারণ করবেন না, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক উচ্ছেদ কার্যক্রম চালানো হবে।"
একটি পরিবেশবান্ধব ও জলাবদ্ধতামুক্ত আধুনিক মগনামা গড়তে ইউনিয়ন পরিষদ সর্বস্তরের জনসাধারণের আন্তরিক সহযোগিতা ও সমর্থন কামনা করেছে।
This theme has been developed by OURISLABD.
Post a Comment