পেকুয়ায় বন্যার্তদের পাশে মানবিক সংগঠন ও ব্যক্তিগত উদ্যোগ, ত্রাণ-খাবার ও নগদ সহায়তা বিতরণ
জয়নাল আবেদীন, পেকুয়া:
সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত কক্সবাজারের পেকুয়া উপজেলার বিভিন্ন এলাকায় সরকারি উদ্যোগের পাশাপাশি বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও বেসরকারি সংগঠন এবং ব্যক্তিগত উদ্যোগে ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে।
১৫ জুলাই সরজমিনে দেখা যায়, গাউছিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদ, আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা একশনএইড বাংলাদেশ এবং পেকুয়া পৌরসভার সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী আরিফুল ইসলামের উদ্যোগে পৃথক কর্মসূচির মাধ্যমে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণসামগ্রী, নগদ অর্থ ও রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।
গাউছিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে দ্বিতীয় দফায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের বানভাসি ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পরিষদের চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ কমিশনার, কেন্দ্রীয় মুখপাত্র অ্যাডভোকেট মুসাহেব উদ্দিন বখতিয়া, চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি অধ্যক্ষ আল্লামা শাহাদাত হোসেন আল-কাদেরী, পেকুয়া উপজেলা সভাপতি মাওলানা হেলাল উদ্দিন নোমান, মাওলানা বেলাল উদ্দিন সিদ্দিকীসহ কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
এড মোসাহেব উদ্দীন বখতিয়ার বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে মানবিক সেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে তারা বন্যাদুর্গত মানুষের জন্য সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন।
অন্যদিকে, একশনএইড বাংলাদেশের উদ্যোগে এবং মগনামা ইউনিয়ন পরিষদের সহযোগিতায় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে বন্যা ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত ৩৫৭ জন অসহায় ও দরিদ্র নারীর মাঝে জনপ্রতি ৪ হাজার টাকা করে মোট ১৪ লাখ ২৮ হাজার টাকার আর্থিক সহায়তা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
আয়োজকরা জানান, এই সহায়তার মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সন্তানদের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখা এবং পরিবারের নিত্যপ্রয়োজনীয় ব্যয় নির্বাহে কিছুটা স্বস্তি পাবে।
মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইউনুছ চৌধুরী বলেন, দুর্যোগের এই কঠিন সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো অত্যন্ত জরুরি। একশনএইড বাংলাদেশের এই উদ্যোগ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্ভোগ লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এদিকে, পেকুয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম বাইম্যাখালী, মধ্যম বাইম্যাখালী, সাগরপাড়া ও বাংলাপাড়া এলাকায় বন্যায় পানিবন্দী ও খাদ্যসংকটে থাকা এক হাজার পরিবারের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছেন সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী আরিফুল ইসলাম।
জানা গেছে, টানা বর্ষণ ও বন্যায় এলাকার বহু পরিবার রান্না করার সুযোগ হারিয়েছে। এ পরিস্থিতিতে ১৪ জুলাই দ্বিতীয় দফায় এক হাজার পরিবারের জন্য এক বেলার রান্না করা খাবারের ব্যবস্থা করা হয়। দিনব্যাপী স্থানীয় স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় বিভিন্ন পাড়া-মহল্লায় ঘুরে ঘুরে এসব খাবার বিতরণ করা হয়।
আরিফুল ইসলাম বলেন, মানবিক সহায়তা কার্যক্রম এখানেই শেষ নয়। বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অসহায় মানুষের পাশে থেকে খাদ্যসহ প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখার চেষ্টা করা হবে।
স্থানীয়রা জানান, চলমান বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সরকারি সহায়তার পাশাপাশি বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের এ ধরনের মানবিক উদ্যোগ দুর্গত পরিবারের দুর্ভোগ লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
This theme has been developed by OURISLABD.
Post a Comment