পেকুয়ার উজানটিয়ায় বন্যার্তদের পাশে বিএনপি নেতা আজমের ত্রাণ বিতরণ
জয়নাল আবেদীন:
কক্সবাজারের পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ও পানিবন্দী মানুষের পাশে দাঁড়িয়েছেন উজানটিয়া ইউনিয়ন বিএনপির সদস্য এম আজম উদ্দীন। নিজ উদ্যোগে তিনি বন্যাদুর্গত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন।
গতকাল শুক্রবার দিনব্যাপী উজানটিয়া ইউনিয়নের বিভিন্ন পাড়া-মহল্লায় গিয়ে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে শুকনো খাদ্যসামগ্রী তুলে দেন। এ সময় তিনি বন্যার্ত মানুষের খোঁজখবর নেন এবং তাদের সার্বিক পরিস্থিতির বিষয়ে অবগত হন।
ত্রাণ বিতরণকালে এম আজম উদ্দীন বলেন, বন্যার কারণে অনেক পরিবার মানবেতর জীবনযাপন করছে। তাদের কষ্ট কিছুটা হলেও লাঘব করতে ব্যক্তিগত উদ্যোগে এই ত্রাণ বিতরণের আয়োজন করা হয়েছে। দুর্যোগকালীন সময়ে সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত বলেও তিনি মন্তব্য করেন।
ত্রাণ বিতরণ কর্মসূচিতে উজানটিয়া ইউনিয়ন পরিষদের সদস্য জামাল উদ্দীন, স্থানীয় ওয়ার্ড বিএনপির নেতাকর্মী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় স্থানীয় বাসিন্দারা এম আজম উদ্দীনের এই মানবিক উদ্যোগের প্রশংসা করে বলেন, দুর্যোগের সময়ে এমন সহযোগিতা ক্ষতিগ্রস্ত মানুষের জন্য অনেক বড় সহায়তা। তারা তার এই উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।
This theme has been developed by OURISLABD.

Post a Comment