স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশের পর: পেকুয়া-মগনামায় ৫৮ অবৈধ বাঁধ এর বিরুদ্ধে অভিযান শুরু
অবৈধ খালের বিরুদ্ধে অভিযানে নেতৃত্ব দিচ্ছে ইউনুচ চৌধুরী চেয়ারম্যান, মগনামা ইউনিয়ন পরিষদ-ছবি পেকুয়ার আলো।কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নে দীর্ঘদিনের তীব্র জলাবদ্ধতা নিরসনে সরকারি খালের ৫৮টি কৃত্রিম বাঁধ কাটা এবং স্লুইসগেটে বসানো অবৈধ জাল অপসারণ করেছে ইউনিয়ন পরিষদ। এতে পানিবন্দী ৩ হাজার পরিবারের দুর্ভোগ লাঘবের পাশাপাশি কৃষি ও মৎস্য খাতের কোটি কোটি টাকার ক্ষতি থামবে বলে আশা করছেন স্থানীয়রা।
আজ মঙ্গলবার (২১ জুলাই) সকাল সাড়ে ১০টায় মগনামার পশ্চিম মটকা ভাঙা (নুরুল আলমের বাঁধ) খালের বাঁধ কাটার মাধ্যমে এই উচ্ছেদ অভিযান শুরু হয়।
সরেজমিন ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একশ্রেণীর প্রভাবশালী ব্যক্তি সরকারি খালে অবৈধ কৃত্রিম বাঁধ ও স্লুইসগেটে জাল বসিয়ে পানি প্রবাহ বন্ধ করে রেখেছিল। বিশেষ করে মগনামার পশ্চিম মটকা ভাঙা এলাকায় নুরুল আলমের গোদা, আবু তৈয়বের গোদা, পশ্চিম মটকা ভাঙ্গা পুরাতন কবরস্থানের উত্তর পাশে আবুল কালামের দুইটি বাঁধ, গিয়াস উদ্দিনের গোদা, নাশি, হেলাল ও তার সহযোগীদের গোদা এবং পূর্ব মটকা ভাঙা এলাকার জহিরুল ইসলামসহ একাধিক প্রভাবশালী ব্যক্তি অবৈধভাবে খালের গতিপথ রুদ্ধ করে এসব বাঁধ ও গোদা নির্মাণ করেন।
এর ফলে প্রতি বর্ষা মৌসুমে এলাকায় স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হতো। খাল অবরুদ্ধ থাকায় ছোট-বড় অন্তত ২০টি মৎস্য ঘেরের মাছ ভেসে যায় এবং বিস্তীর্ণ কৃষি জমির ফসল উৎপাদন ব্যাহত হয়। এছাড়া বসতবাড়ি ও পুকুর তলিয়ে গিয়ে ইউনিয়নের প্রায় ৩ হাজার পরিবার দীর্ঘদিন ধরে পানিবন্দী অবস্থায় মানবেতর জীবনযাপন করে আসছিল।
জানা যায়, গত ১৮ জুলাই পেকুয়া-চকরিয়া আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বন্যা পরবর্তী এলাকা পরিদর্শন শেষে মগনামার এসব অবৈধ বাঁধ কেটে দেওয়ার জন্য উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদকে যৌথ পদক্ষেপ নেওয়ার কঠোর নির্দেশ দেন। এই নির্দেশনার আলোকেই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইউনুস চৌধুরী বলেন, "মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ মহোদয়ের নির্দেশনায় মগনামার সরকারি খালে পানি চলাচলের জন্য তৈরি করা সমস্ত অবৈধ বাঁধ ও জাল অপসারণ করা হচ্ছে।"
অভিযানকালে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম সার্বক্ষণিক খোঁজখবর রাখেন। এ সময় উপস্থিত ছিলেন মগনামা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বদিউল আলম, এমইউপি সরোয়ার কামাল,ইউপি সচিব মো. আবদুর রাজ্জাক, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক তৌহিদুল আলম, স্থানীয় গ্রাম পুলিশ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Post a Comment