পেকুয়ায় বন্যা পরিস্থিতি পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ
৩ দিনের মধ্যে মগনামার অবৈধ বাঁধ ও জাল অপসারণের নির্দেশ; ৪ স্লুইসগেট নির্মাণ ও সংস্কারের ঘোষণা
খোরশেদুল ইসলাম, পেকুয়া (কক্সবাজার)
কক্সবাজারের পেকুয়া উপজেলার বন্যাকবলিত মগনামা ও উজানটিয়া ইউনিয়ন পরিদর্শন করেছেন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ। শনিবার (১৮ জুলাই) দুপুরে তিনি মগনামা ইউনিয়নের সোনালী বাজার স্লুইসগেট এলাকাসহ দুর্গত অঞ্চলগুলো ঘুরে দেখেন এবং বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
পরিদর্শনকালে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুচ চৌধুরীসহ স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে মগনামা ইউপি চেয়ারম্যান ইউনুচ চৌধুরী এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা এবং সাম্প্রতিক বন্যায় কৃষিজমি, মৎস্য ও চিংড়ি ঘেরের ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে তুলে ধরেন। একই সাথে তিনি পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টি করা বিভিন্ন খালে নির্মিত অবৈধ বাঁধ ও জালের বিষয়টি মন্ত্রীর দৃষ্টিগোচরে আনেন।
মগনামা ইউনিয়নের চেয়ারম্যান ইউনুচ চৌধুরীর আবেদনের প্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। তিনি আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে চেয়ারম্যান ইউনুচ চৌধুরীর নেতৃত্বে 'রুপাখাল'সহ বিভিন্ন খালে নির্মিত সব ধরনের অবৈধ বাঁধ ও জাল অপসারণ করে স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত করার জন্য প্রশাসনকে কড়া নির্দেশনা প্রদান করেন।
"পানি নিষ্কাশনের স্বাভাবিক গতি সচল করতে আগামী ৩ দিনের মধ্যে রুপাখালসহ সব খালের অবৈধ বাঁধ ও জাল উচ্ছেদ করতে হবে। জনস্বার্থে কোনো প্রতিবন্ধকতা সহ্য করা হবে না।" সালাহউদ্দিন আহমেদ, স্বরাষ্ট্রমন্ত্রী।
সোনালী বাজার স্লুইসগেট এবং লায়ন মুজিবুর রহমানের বাড়ির সামনের স্লুইসগেটের কাজ বর্তমানে টেন্ডার প্রক্রিয়ায় রয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এছাড়া চেপ্টাখালী, শরৎঘোনা ও দক্ষিণ মগনামা স্লুইসগেট নির্মাণের প্রস্তাব অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এসব মেগা প্রকল্প বাস্তবায়িত হলে মগনামা ইউনিয়নের দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
পাশাপাশি, চেয়ারম্যান ইউনুচ চৌধুরীর উত্থাপিত ক্ষতিগ্রস্ত কাঁচা রাস্তাঘাট সংস্কারের দাবির পরিপ্রেক্ষিতে মন্ত্রী আগামী শুষ্ক মৌসুমে এইচবিবি (HBB) ও পর্যায়ক্রমে পাকা সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
পরিদর্শন শেষে মগনামা ইউপি চেয়ারম্যান ইউনুচ চৌধুরী স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, "মাননীয় মন্ত্রীর সরেজমিন পরিদর্শন ও তাৎক্ষণিক কড়া নির্দেশনা মগনামাবাসীর মনে নতুন আশার সঞ্চার করেছে। আমরা বিশ্বাস করি, তাঁর আন্তরিক সহযোগিতায় মগনামার জলাবদ্ধতা নিরসন ও অবকাঠামোগত উন্নয়ন দ্রুত বাস্তবায়িত হবে।"
This theme has been developed by OURISLABD.
Post a Comment