পেকুয়ায় ৩ শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৮ কোটি টাকা বরাদ্দ
খোরশেদুল ইসলাম, কক্সবাজার:
কক্সবাজারের পেকুয়া উপজেলার তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের দীর্ঘদিনের অবকাঠামোগত ও শ্রেণিকক্ষ সংকট দূর হতে যাচ্ছে। প্রতিষ্ঠানগুলোর নতুন ভবন নির্মাণ ও বিদ্যমান ভবনের সম্প্রসারণের জন্য মোট ৭ কোটি ৭৫ লাখ টাকা বরাদ্দ অনুমোদন করেছে সরকার।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ২০২৫-২০২৬ অর্থবছরের বাজেটের আওতায় ‘অনাবাসিক ভবন নির্মাণ ও সম্প্রসারণ কর্মসূচির’ অংশ হিসেবে এই অর্থ বরাদ্দ দেওয়া হয়।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. মেহেদী ইকবাল স্বাক্ষরিত পৃথক চিঠির মাধ্যমে ইতিমধ্যে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে বরাদ্দের এই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।
উজানটিয়া জুনিয়র হাইস্কুল, প্রতিষ্ঠানটিতে নতুন একাডেমিক ভবন নির্মাণের জন্য ৩ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। শিলখালী উচ্চ বিদ্যালয়, এই বিদ্যালয়েও নতুন একটি একাডেমিক ভবন নির্মাণে ৩ কোটি টাকা অনুমোদন পেয়েছে। মগনামা উচ্চ বিদ্যালয়, বিদ্যালয়টির আবাসন ও শ্রেণিকক্ষ সংকট নিরসনে বিদ্যমান ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণের জন্য ১ কোটি ৭৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
স্থানীয় সচেতন মহল ও বিদ্যালয় কর্তৃপক্ষের মতে, এই বিপুল অংকের বরাদ্দ অনুমোদনের ফলে পেকুয়া উপজেলার উপকূলীয় ও প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের দীর্ঘদিনের আবাসন ও শ্রেণিকক্ষ সংকটের স্থায়ী সমাধান হবে। আধুনিক অবকাঠামো নিশ্চিত হওয়ার মাধ্যমে এই অঞ্চলের শিক্ষার মান ও পরিবেশ আরও উন্নত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তারা।
This theme has been developed by OURISLABD.