পেকুয়ায় দুই সন্তানের জননী নিখোঁজ, থানায় জিডি
নিজস্ব প্রতিবেদক, পেকুয়া:
কক্সবাজারের পেকুয়ায় দুই সন্তানের জননী মরিয়ম সুলতানা রুমি (২৭) গত এক সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছেন। গত ১২ জুন রবিবার দুপুরে উপজেলার টইটং ইউনিয়নের ধনিয়াকাটা এলাকা থেকে বাজারে যাওয়ার কথা বলে বের হয়ে তিনি আর বাড়ি ফেরেননি। এ ঘটনায় তার বাবা আবদুর রহমান গত ১৪ জুন পেকুয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং- ৫৮০/২৬) করেছেন।
নিখোঁজ মরিয়ম সুলতানা রুমি টইটং ইউনিয়নের ধনিয়াকাটা ভেলুয়ারপাড়া এলাকার মোজাম্বিক প্রবাসী মো. আসিফের স্ত্রী। তাদের সংসারে ৯ বছরের এক কন্যা ও ৫ বছরের এক পুত্র সন্তান রয়েছে।
প্রবাসী আসিফের মা নূরুন্নাহার জানান, ঘটনার দিন দুপুরে রুমি পেকুয়া বাজারে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়। এরপর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যাচ্ছে। আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি। অভিযোগ রয়েছে, যাওয়ার সময় তিনি ঘরে থাকা প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা ও ছয় ভরি স্বর্ণালংকার সঙ্গে নিয়ে গেছেন।
পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এক যুবকের সাথে রুমি ফোনে যোগাযোগ করতেন। এ বিষয়ে শাশুড়ি নূরুন্নাহার বলেন, ‘মুজাহিদ নামের এক যুবক নিয়মিত আমার পুত্রবধূর ফোনে কল দিত। আমাদের ধারণা, মুজাহিদের সাথে পরকীয়ার জেরে রুমি সন্তানদের রেখে বাসা থেকে চলে গেছে।’ মুজাহিদ উপজেলার রাজাখালী ইউনিয়নের সুন্দরীপাড়া এলাকার মাওলানা রমিজ উদ্দিনের ছেলে বলে জানা গেছে।
নিখোঁজের বাবা আবদুর রহমান বলেন, ‘আমার মেয়ে সুখে-শান্তিতেই সংসার করছিল। হঠাৎ এমন ঘটনায় আমরা হতবাক। পুলিশকে বিষয়টি জানানো হয়েছে, তারা উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বলেন, ‘গৃহবধূর বাবা থানায় সাধারণ ডায়েরি করেছেন। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে এবং তদন্তকারী কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে, রুমি নিখোঁজ হওয়ার পর থেকে তার রেখে যাওয়া দুই শিশু সন্তানের আহাজারিতে পরিবারের সদস্যদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ও স্থানীয়রা তাকে উদ্ধারে তৎপরতা অব্যাহত রেখেছেন।
This theme has been developed by OURISLABD.
Post a Comment