মগনামা হাজ্বী মাওলানা শাহ ঈদগাহ মাঠ উন্নয়নে বাজেট বরাদ্দের আশ্বাস দিলেন জেলা প্রশাসক
খোরশেদুল ইসলাম, কক্সবাজার | ২০ জুন, ২০২৬
কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের ঐতিহ্যবাহী ‘হাজ্বী মাওলানা শাহ ঈদগাহ ময়দান’ পরিদর্শন করেছেন কক্সবাজার জেলা পরিষদের সম্মানিত প্রশাসক জনাব এ.টি.এম নুরুল বশর চৌধুরী। মাঠটির অবকাঠামোগত উন্নয়ন ও আরসিসি (RCC) ঢালাইয়ের মাধ্যমে আধুনিকীকরণের লক্ষ্যে এই পরিদর্শন অনুষ্ঠিত হয়।
পরিদর্শনকালে জেলা পরিষদের প্রশাসক মহোদয়ের সাথে ছিলেন পেকুয়া উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এবং মগনামা ইউনিয়ন যুবদলের আহবায়ক জনাব মোঃ নুরুল ইসলাম। স্থানীয় জনসাধারণের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে যুবদলের যুগ্ম আহবায়ক নুরুল ইসলামের আহবানে সাড়া দিয়ে ঈদগাঁ মাঠটি পরিদর্শনকালে এর বর্তমান অবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করেন কক্সবাজারের জেলা পরিষদের প্রশাসক।
পরিদর্শন শেষে জনাব এ.টি.এম নুরুল বশর চৌধুরী স্থানীয়দের উদ্দেশ্যে বলেন, “একটি পরিকল্পিত ঈদগাহ ময়দান এলাকার মুসল্লিদের জন্য অত্যন্ত জরুরি। মগনামা বিবির বর কবরস্থান সংলগ্ন এই ঈদগাহ ময়দানের আরসিসি ঢালাইয়ের মাধ্যমে আধুনিক ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে কক্সবাজার জেলা পরিষদ থেকে প্রয়োজনীয় বাজেট বরাদ্দ দেওয়া হবে বলেই আশ্বাস দেন।”
তিনি আরও উল্লেখ করেন যে, বর্তমান সরকার স্থানীয় অবকাঠামোর উন্নয়ন এবং ধর্মীয় ও সামাজিক স্থাপনাগুলোকে শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে দ্রুততম সময়ের মধ্যে এই উন্নয়নের কাজ শুরু হবে বলে তিনি আশ্বস্ত করেন।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাধারণ মুসল্লিরা উপস্থিত ছিলেন। এলাকার উন্নয়নে দ্রুত সাড়া দেওয়ায় এবং ঈদগাহ ময়দান সংস্কারের আশ্বাস প্রদান করায় স্থানীয়রা জেলা পরিষদের প্রশাসক ও উপস্থিত নেতৃবৃন্দের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।
This theme has been developed by OURISLABD.
Post a Comment