মগনামায় দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে নালা পরিষ্কার ও নতুন নির্মাণের উদ্যোগ
খোরশেদুল ইসলাম:
কক্সবাজারের মগনামা সোনালী বাজারে দীর্ঘদিনের জলাবদ্ধতা ও জনদুর্ভোগ নিরসনে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুছ চৌধুরী। বাজারের ভরাট হয়ে যাওয়া নালা পরিষ্কার ও নতুন নালা নির্মাণের ঘোষণা দিয়েছেন তিনি।
জানা যায়, দীর্ঘদিন ধরে মগনামা সোনালী বাজারের প্রধান নালাটি ভরাট হয়ে থাকায় সামান্য বৃষ্টিতেই রাস্তায় পানি জমে যেত। এতে পথচারীসহ স্থানীয় ব্যবসায়ীদের চরম দুর্ভোগ পোহাতে হতো। বিষয়টি আমলে নিয়ে আজ রবিবার (২১ জুন, ২০২৬) চেয়ারম্যান ইউনুছ চৌধুরীর তত্ত্বাবধানে এস্কেভেটর মেশিন দিয়ে নালা পরিষ্কারের কাজ শুরু হয়।
পরিদর্শনকালে চেয়ারম্যান ইউনুছ চৌধুরী লক্ষ্য করেন যে, নালার একটি অংশ বিদ্যমান থাকলেও বাকি অংশের অস্তিত্ব নেই, যার ফলে পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হচ্ছে। জনগণের দুর্ভোগ লাঘবে তিনি দ্রুত সময়ের মধ্যে অবশিষ্ট অংশ নতুনভাবে নির্মাণের নির্দেশ দেন। তিনি জানান, আগামীকাল সোমবার থেকেই নতুন নালা নির্মাণের কাজ শুরু হবে।
নালা পরিষ্কার কার্যক্রম পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মগনামা ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক তৌহিদুল ইসলাম, মগনামা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বদিউল আলম, ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য শাহ আলম ও আব্বাস, সাংবাদিক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এই জলাবদ্ধতা নিয়ে তাদের ভোগান্তির শেষ ছিল না। চেয়ারম্যানের এই দ্রুত পদক্ষেপ এলাকার জনদুর্ভোগ অনেকটাই কমিয়ে আনবে বলে তারা আশা প্রকাশ করেন।
This theme has been developed by OURISLABD.
Post a Comment