পেকুয়া প্রতিনিধিঃ
কক্সবাজারের পেকুয়ায় মধ্য রাতে অস্ত্র ঠেকিয়ে খামারীকে কুপিয়ে গরু ডাকাতির ঘটনা ঘটেছে।
৩০ জানুয়ারি (শনিবার) দিনগত রাত আনুমানিক ৩ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের নন্দীর পাড়া এলাকায় অস্ত্রের মুখে জিম্মি করে একটি বাড়ি থেকে গরু ডাকাতির এ ঘটনা ঘটে।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে কয়েকজন মুখোশধারী ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে উপজেলার সদর ইউনিয়নের নন্দীর পাড়া গ্রামে সাবেক ইউপি সদস্য আবু তালেবের বসতবাড়িতে হানা দেয়। এ সময় তারা পরিবারের সদস্যদের অস্ত্র ঠেকিয়ে ভয়ভীতি দেখিয়ে গোয়ালঘরে থাকা একটি গরু চুরি করে নিয়ে যায়। এসময় তাদের বাধা প্রদান করায় ইউপি সদস্য আবু তালেবকে কুপিয়ে গুরুতর জখম করে।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, ডাকাতরা সংখ্যায় ৬-৭ জন ছিল। তারা দ্রুত ঘটনাস্থলে আসে এবং ডাকাতি শেষে অন্ধকারের সুযোগে পালিয়ে যায়। ডাকাতির সময় পরিবারের এক সদস্য গুরুতর আহত হয়। এঘটনায় সবাই চরম আতঙ্কের মধ্যে পড়ে।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম বলেন, অভিযোগ পেলে তদন্ত করে আইনি পদক্ষেপ নেওয়া হবে।
এদিকে, এ ঘটনার পর স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। তারা রাতে টহল জোরদারসহ দ্রুত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।





