পেকুয়ায় কামারের দোকান থেকে দেশীয় তৈরি এলজিসহ কারিগর গ্রেপ্তার
কক্সবাজারের পেকুয়ায় দেশীয় তৈরি একটি এলজিসহ সনজিত কর্মকার (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত ৪টা ১০ মিনিটের দিকে উপজেলার টইটং ইউনিয়নের হাজী বাজার এলাকায় তাঁর কামারের দোকান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পেকুয়া থানা পুলিশের একটি দল হাজী বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় সনজিত কর্মকারের কামারের দোকানে তল্লাশি চালিয়ে একটি দেশীয় তৈরি এলজি উদ্ধার করা হয়। পরে অস্ত্রটি জব্দ করে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সনজিত কর্মকার চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের বহদ্দারহাট এলাকার বাসিন্দা। তাঁর পিতার নাম মৃত গগন কর্মকার এবং মাতার নাম মৃত মালতী বালা কর্মকার তাঁর স্থায়ী ঠিকানা চাম্বল ইউনিয়নের পূর্ব চাম্বল কর্মকারপাড়া।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে পেকুয়া থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মেহেদী হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে টইটংয়ের হাজী বাজারে একটি কামারের দোকান থেকে দেশীয় তৈরি একটি এলজিসহ সনজিত কর্মকারকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
