ক্রীড়াঙ্গনের উন্নয়নে ইউনুছ চৌধুরীর উদ্যোগ, নতুন জার্সি পেল মগনামা এলিট ফুটবল একাডেমি
খোরশেদুল ইসলাম, পেকুয়া:
এরই ধারাবাহিকতায় মগনামা এলিট ফুটবল একাডেমির ক্ষুদে ও তরুণ খেলোয়াড়দের জন্য নতুন এক সেট জার্সি উপহার দিয়েছেন তিনি। তাঁর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন একাডেমির পরিচালক, খেলোয়াড় ও সংশ্লিষ্টরা।
একাডেমি সূত্রে জানা যায়, স্থানীয় পর্যায়ে ফুটবলের প্রসার, প্রতিভাবান খেলোয়াড়দের উৎসাহিত করা এবং তরুণদের ক্রীড়ামুখী করে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে মগনামা এলিট ফুটবল একাডেমি। নতুন জার্সি পেয়ে খেলোয়াড়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা আরও বেড়েছে।
একাডেমির পরিচালক-২ সোহেল মাহমুদ মনে করেন, একটি জার্সি কেবল খেলাধুলার পোশাক নয়, এটি খেলোয়াড়দের দলীয় পরিচয়, ঐক্য, আত্মবিশ্বাস ও নতুন স্বপ্নের প্রতীক। চেয়ারম্যান ইউনুছ চৌধুরীর এ পৃষ্ঠপোষকতা তরুণ ফুটবলারদের মাঠে নিজেদের সেরাটা দিতে অনুপ্রাণিত করবে।
এ বিষয়ে মগনামা এলিট ফুটবল একাডেমির পক্ষ থেকে চেয়ারম্যান মো. ইউনুছ চৌধুরীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়েছে। পাশাপাশি তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এলাকার জনকল্যাণ এবং ক্রীড়াঙ্গনের উন্নয়নে আরও অবদান রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।
মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইউনুছ চৌধুরী বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে সুস্থ, সুন্দর ও মানবিক সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। গ্রামের শিশু-কিশোর ও তরুণদের মধ্যে লুকিয়ে থাকা ক্রীড়া প্রতিভা বিকাশে সবাইকে এগিয়ে আসতে হবে। মগনামা এলিট ফুটবল একাডেমির খেলোয়াড়দের উৎসাহিত করতে জার্সি উপহার দিতে পেরে আমি আনন্দিত। ভবিষ্যতেও মগনামার ক্রীড়াঙ্গনের উন্নয়ন এবং প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে।
মগনামা এলিট ফুটবল একাডেমির পরিচালক মোরশেদুল ইসলাম বলেন, তরুণ প্রজন্মকে খেলাধুলায় এগিয়ে নিতে চেয়ারম্যান ইউনুছ চৌধুরীর এমন সহযোগিতা অত্যন্ত প্রশংসনীয়। তাঁর এই আন্তরিকতা আমাদের খেলোয়াড়দের নতুন উদ্যমে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে। আমরা আশা করি, ভবিষ্যতেও তিনি মগনামার ক্রীড়াঙ্গনের পাশে থাকবেন।
