শিরোনাম ::
শিরোনাম ::

পেকুয়ায় লবণ বিক্রিতে বাধার অভিযোগ, ৫১ একর মাঠে চাষি-সিন্ডিকেট উত্তেজনা

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

দুই-তিন দিনে একাধিকবার হাতাহাতি ও ধাওয়া-পাল্টাধাওয়া, পুলিশ বলছে থানায় অভিযোগ

পেকুয়া প্রতিনিধি:

কক্সবাজারের পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের বকশিয়াঘোনায় ৫১ একর ২৬ শতক লবণ মাঠ নিয়ে উত্তেজনা দেখা দিয়েছে। মাঠে মজুদ থাকা লবণ বিক্রি ও সরবরাহকে কেন্দ্র করে চাষি ও একটি পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়েছে। কাঁচা লবণ বিক্রিতে বাধা দেওয়ার অভিযোগে গত দুই-তিন দিনে একাধিকবার হাতাহাতি ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রামের আনোয়ারা উপজেলার তৈলারদ্বীপের এরশাদ আলী জমিদার পরিবারের কয়েকজন সদস্য ওই জমির মালিক। চলতি বছরের ১৪ এপ্রিল আরিফুল ইসলাম খানকে তিন বছরের জন্য জমির ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়া হয়। পরে তিনি চলতি লবণ মৌসুমসহ তিন বছরের জন্য জমিটি রাজাখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ছৈয়দ নুরের কাছে ইজারা দেন।

অভিযোগ রয়েছে, রাজাখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য ছমিউল্লাহসহ একটি পক্ষ লবণ মাঠে চাষিদের প্রবেশ, মাঠ প্রস্তুত ও উৎপাদিত লবণ বিক্রিতে বাধা দিচ্ছে। এ নিয়ে চাষিদের সঙ্গে ওই পক্ষের বিরোধ বাড়ছে।

স্থানীয় লবণচাষি বাদশাহ, আবদুর রহিম ও জামাল হোসেনের অভিযোগ, নিজেদের উৎপাদিত লবণ স্বাধীনভাবে বিক্রি করতে পারছেন না তারা। লবণ বিক্রি করতে গেলে বাধার মুখে পড়তে হচ্ছে। এমনকি আর্থিক লেনদেন নিয়েও অসন্তোষ রয়েছে। তারা কথিত দালাল সিন্ডিকেটের নিয়ন্ত্রণমুক্ত হয়ে ন্যায্য দামে লবণ বিক্রির সুযোগ চান।

এদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থল পরিদর্শন করেছে পেকুয়া থানা পুলিশ। পেকুয়া থানার এএসআই রুবেল জানান, এ বিষয়ে থানায় অভিযোগ রয়েছে। উভয় পক্ষকে থানায় হাজির হতে বলা হয়েছে। শান্তিশৃঙ্খলা বিনষ্ট না করতে তাদের কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

৫১ একর লবণ মাঠের বিরোধ নিরসন করে চাষিদের নিরাপদে লবণ উৎপাদন ও বাজারজাতের পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।

This theme has been developed by OURISLABD.
শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%