শিরোনাম ::
শিরোনাম ::

পেকুয়ায় ১৩ কোটি টাকার স্লুইসগেট নির্মাণ বিকল্প পথ না থাকায় পানিবন্দি আড়াই হাজার একর লবণ মাঠ

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

উন্নয়নকাজে স্থানীয়দের স্বস্তি ফিরলেও মৌসুমের শুরুতে লবণ উৎপাদন নিয়ে চরম শঙ্কায় চাষিরা; দ্রুত পানি নিষ্কাশন ও বিকল্প সড়কের দাবি

‎নিজস্ব প্রতিবেদক:‎​ 

পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের সোনালী বাজার এলাকায় প্রায় ১৩ কোটি টাকা ব্যয়ে একটি আধুনিক স্লুইসগেট নির্মাণের কাজ শুরু হয়েছে। দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে স্থায়ী স্লুইসগেট নির্মাণের উদ্যোগে স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরলেও পানি নিষ্কাশনের বিকল্প ব্যবস্থা না থাকায় চলতি মৌসুমে লবণ উৎপাদন নিয়ে বড় ধরনের শঙ্কায় পড়েছেন চাষিরা।

‎​স্লুইসগেটের মূল পয়েন্ট দিয়ে পানি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় মটকাভাঙা, কুমপাড়া, দরদরিঘোনা, মগঘোনা, মুহুরিপাড়া, পেকুয়ার চর ও চেরাংঘোনাসহ বিভিন্ন এলাকার বিস্তীর্ণ লবণ মাঠ পানির নিচে তলিয়ে গেছে। এতে প্রায় আড়াই হাজার একর জমিতে লবণ চাষ ব্যাহত হওয়ার পাশাপাশি চাষিদের বড় আর্থিক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।

‎​স্থানীয় সূত্রে জানা গেছে, মগনামা ও উজানটিয়া ইউনিয়নের সংযোগ সীমান্তে সোনালী বাজার এলাকায় অবস্থিত পুরানো স্লুইসগেটটি দীর্ঘদিন ধরে এলাকাবাসীর দুর্ভোগের কারণ ছিল। অতিবৃষ্টি, বর্ষা ও বন্যার সময় গেটটি বারবার ক্ষতিগ্রস্ত হয়ে আশপাশের গ্রাম প্লাবিত হতো এবং যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ত। সর্বশেষ বন্যায় স্লুইসগেটটি ধসে পড়লে কয়েক গ্রামের হাজার হাজার মানুষ চরম ভোগান্তিতে পড়েন।

‎​সেই জরুরি পরিস্থিতিতে তৎকালীন সময়ে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নির্দেশনায় জরুরি বরাদ্দের মাধ্যমে পানি উন্নয়ন বোর্ড স্লুইসগেটটি সংস্কার করে। পরবর্তীতে সেখানে স্থায়ী স্লুইসগেট নির্মাণের নির্দেশনা দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে প্রায় ১৩ কোটি টাকা ব্যয়ে আধুনিক স্লুইসগেট নির্মাণকাজ শুরু হয়েছে।

‎​লবণ উৎপাদনের মৌসুম শুরু হলেও নির্মাণকাজের কারণে মূল পানি চলাচলের পথ বন্ধ হয়ে যাওয়ায় মাঠ থেকে পানি সরানো যাচ্ছে না। ফলে বিস্তীর্ণ এলাকা জলাবদ্ধ হয়ে পড়েছে।

‎​স্থানীয় লবণচাষি লুৎফর রহমান, আবু ছিদ্দিক, নেছার আলম, জিল্লুর করিম, জয়নাল আবেদিন মানিক, শাহাজান মিয়া ও আবুল বশর বলেন, স্থায়ী স্লুইসগেট নির্মাণ তাঁদের দীর্ঘদিনের প্রাণের দাবি এবং কাজ শুরু হওয়ায় তাঁরা আনন্দিত।

‎তবে পানি চলাচলের বিকল্প নালা বা কার্যকর ব্যবস্থা না করায় লবণের মাঠগুলো পানিতে ডুবে আছে। দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা না হলে চলতি মৌসুমে লবণ উৎপাদন কঠিন হয়ে পড়বে, যার ফলে সাধারণ চাষিরা ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়বেন।

‎​চাষিদের ভাষ্য অনুযায়ী, লবণ চাষের ওপর নির্ভর করেই অনেক পরিবারের জীবিকা চলে। মাঠে পানি জমে থাকলে উৎপাদন বন্ধ হয়ে গেলে পরিবার-পরিজন নিয়ে জীবনযাপন করাই কঠিন হয়ে দাঁড়াবে। এ অবস্থায় স্লুইসগেট নির্মাণকাজের পাশাপাশি দ্রুত বিকল্প পানি নিষ্কাশনের ব্যবস্থা এবং চলাচলের জন্য বিকল্প সড়ক নির্মাণের দাবি জানিয়েছেন তাঁরা।

‎​এ বিষয়ে ঠিকাদারসংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, আগামী ১০ দিনের মধ্যে পানি চলাচলের বিকল্প ব্যবস্থা করা হবে এবং পাশাপাশি দ্রুত বিকল্প সড়ক নির্মাণের কাজও শুরু করা হবে।

‎​অন্যদিকে, দ্রুত সরেজমিনে পরিস্থিতি পরিদর্শন করে পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা গ্রহণে পানি উন্নয়ন বোর্ড, উপজেলা প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন লবণচাষিরা।

‎​বিষয়টি নিয়ে জানতে চাইলে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম বলেন, এ বিষয়ে তিনি আগে অবগত ছিলেন না এবং কোনো লবণচাষিও অভিযোগ দেননি। তিনি জানান, পানি উন্নয়ন বোর্ড এটি টেন্ডার দিয়েছে এবং ঠিকাদারও নিয়োগ হয়েছে।

 ইউএনও আরও বলেন, এখন লবণ উৎপাদনের মৌসুম মগনামা, উজানটিয়া ও রাজাখালী ইউনিয়ন মূলত লবণ চাষের ওপর নির্ভরশীল। বিষয়টি জানার পর তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন বলে জানান।


‎

This theme has been developed by OURISLABD.
শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%