পেকুয়ায় মেকানিকের ঘরে পুলিশের হানা, এলজি-কার্তুজসহ আটক-১
কক্সবাজারের পেকুয়ায় পুলিশের অভিযানে একটি দেশীয় তৈরি এলজি ও তিন রাউন্ড কার্তুজসহ জিয়া উদ্দিন প্রকাশ হানিফ (২৪) নামে এক মোটরসাইকেল মেকানিককে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের বুধামাঝিরঘোনা এলাকার মইয়ারা বর বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে পেকুয়া থানা পুলিশ।
গ্রেপ্তার জিয়া উদ্দিন প্রকাশ হানিফ ওই এলাকার আবুল বশরের ছেলে। তিনি পেশায় একজন মোটরসাইকেল মেকানিক। পেকুয়া আলহাজ্ব কবির আহমদ চৌধুরী বাজারের পশ্চিম পাশে ভাই ভাই অটো রাইস মিলসংলগ্ন এলাকায় তাঁর মালিকানাধীন ‘রাফসান মোটরস’ নামে একটি মোটরসাইকেল সার্ভিসিংয়ের দোকান রয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জিয়া উদ্দিনের বসতঘরে অস্ত্র থাকার তথ্য পেয়ে অভিযান চালায় পুলিশ। এ সময় তাঁর শোবার ঘর তল্লাশি করে একটি দেশীয় তৈরি এলজি ও তিন রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা অস্ত্র ও গুলিসহ তাঁকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বারবাকিয়া ইউনিয়নের বুধামাঝিরঘোনা এলাকায় হানিফের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তাঁর শোবার ঘর থেকে একটি দেশীয় তৈরি এলজি ও তিন রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
ওসি আরও বলেন, উদ্ধার করা অস্ত্রগুলো কী উদ্দেশ্যে এবং কীভাবে তাঁর কাছে এসেছে, তা জানতে গ্রেপ্তার ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এ ঘটনায় পেকুয়া থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
This theme has been developed by OURISLABD.
