শিরোনাম ::
শিরোনাম ::

সিপিপির শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক নির্বাচিত হয়ে জাতীয় সম্মাননা পেলেন পেকুয়ার শওকত আরা সেফু

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

 


রেজাউল করিম রেজা, পেকুয়া:

কক্সবাজারের পেকুয়া উপজেলার ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) স্বেচ্ছাসেবক ও পেকুয়া উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শওকত আরা সেফু জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবকের সম্মাননা পেয়েছেন। দুর্যোগ মোকাবিলা, জনসচেতনতা বৃদ্ধি এবং উপকূলীয় মানুষের নিরাপত্তায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এ সম্মাননা ও সনদ দেওয়া হয়। জাতীয় পর্যায়ে সারা দেশের ছয়জন সেরা স্বেচ্ছাসেবকের মধ্যে তিনি প্রথম স্থান অর্জন করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ সম্মাননা গ্রহণ করেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রীয় পর্যায়ের অতিথিদের উপস্থিতিতে তাঁর হাতে সম্মাননা ও সনদ তুলে দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে পেকুয়া উপজেলার উপকূলীয় ও ঝুঁকিপূর্ণ এলাকায় ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সক্রিয় ভূমিকা পালন করে আসছেন শওকত আরা সেফু। দুর্যোগের আগাম সতর্কবার্তা প্রচার, ঝুঁকিতে থাকা মানুষকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া, জনসচেতনতা তৈরি এবং জরুরি পরিস্থিতিতে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সহযোগিতার মাধ্যমে তিনি মানুষের পাশে দাঁড়িয়েছেন।

বিশেষ করে দুর্যোগপ্রবণ উপকূলীয় অঞ্চলে সাধারণ মানুষের জানমাল রক্ষায় মাঠপর্যায়ে তাঁর দায়িত্বশীল ভূমিকা ও নিরলস প্রচেষ্টা এ স্বীকৃতি অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে বলে স্থানীয়রা মনে করছেন।

জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবকের সম্মাননা অর্জনের খবরে পেকুয়ার সামাজিক ও স্বেচ্ছাসেবী মহলে আনন্দের সৃষ্টি হয়েছে। স্থানীয় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ তাঁকে অভিনন্দন জানিয়েছেন। তাঁদের মতে, শওকত আরা সেফুর এ অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়; এটি পেকুয়ার উপকূলীয় জনপদ ও স্বেচ্ছাসেবী কার্যক্রমের জন্যও গর্বের বিষয়।

সম্মাননা গ্রহণের পর প্রতিক্রিয়ায় শওকত আরা সেফু বলেন, “এই অর্জন শুধু আমার একার নয়, এটি সমগ্র পেকুয়াবাসীর। উপকূলীয় অঞ্চলের মানুষের দুর্যোগে পাশে দাঁড়ানো আমার মানবিক ও সামাজিক দায়িত্ব। রাষ্ট্রপতির হাত থেকে এই সম্মাননা পেয়ে আমি অত্যন্ত গর্বিত ও আনন্দিত। এ স্বীকৃতি ভবিষ্যতে মানবসেবায় আমাকে আরও অনুপ্রাণিত করবে।”

তিনি ভবিষ্যতেও দুর্যোগের ঝুঁকিতে থাকা মানুষের পাশে থেকে মানবিক দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেন।

শওকত আরা সেফুর এ অর্জন উপকূলীয় অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় স্বেচ্ছাসেবীদের ভূমিকার গুরুত্ব নতুন করে তুলে ধরেছে। একই সঙ্গে তাঁর এই স্বীকৃতি পেকুয়ার তরুণ প্রজন্ম ও মানবসেবায় নিয়োজিত অন্যদের স্বেচ্ছাসেবামূলক কাজে আরও উৎসাহিত করবে বলে আশা করছেন স্থানীয়রা।


This theme has been developed by OURISLABD.
শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%