শিরোনাম ::
শিরোনাম ::

পেকুয়ায় চিংড়িঘেরে সশস্ত্র ডাকাতি, গুলিবিদ্ধ ৩, ১০ লাখ টাকার মাছ লুটের অভিযোগ

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

খোরশেদুল ইসলাম, পেকুয়া:

কক্সবাজারের পেকুয়া উপজেলার উজানটিয়ায় একটি চিংড়িঘেরে সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদলের ছোড়া গুলিতে তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। পাশাপাশি ঘের থেকে প্রায় ১০ লাখ টাকার মাছ লুটের অভিযোগ উঠেছে। শনিবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার উজানটিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বিচ্ছিন্ন দ্বীপ করিয়ারদ্বিয়ার পুরাতন ঘোনায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন—শাহাবুদ্দিন, ইসমাইল ও জয়নাল। তাঁদের উদ্ধার করে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে তাঁরা সেখানে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পুরাতন ঘোনায় সাবেক ইউপি সদস্য সিরাজুল ইসলামের মালিকানাধীন চিংড়িঘেরে রাতে একদল সশস্ত্র ব্যক্তি হানা দেয়। এ সময় তারা ঘেরের পাহারাদারদের ওপর হামলা চালায়। পাহারাদাররা প্রতিরোধের চেষ্টা করলে ডাকাতদল এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে তিনজন গুলিবিদ্ধ হন। পরে ডাকাতেরা ঘের থেকে প্রায় ১০ লাখ টাকার মাছ লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা।

স্থানীয় ইউপি সদস্য জাফর আহমদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাত আনুমানিক ৩টার দিকে একদল সশস্ত্র ডাকাত সিরাজ মেম্বারের প্রজেক্টে হানা দিয়ে ডাকাতি শুরু করে। এ সময় ডাকাতদের গুলিতে তিনজন আহত হন। সিরাজুল ইসলামের কাছ থেকে ঘেরটি লিজ নিয়ে শাহাবুদ্দিনসহ কয়েকজন সেখানে মাছ চাষ করছেন। ঘটনাটি রাতেই পেকুয়া থানার পুলিশকে জানানো হয়েছে।

আহত ব্যক্তিরা হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তাঁদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। ফলে ডাকাতির ঘটনায় তাঁদের বিস্তারিত বক্তব্য ও ক্ষয়ক্ষতির বিষয়ে স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

এ বিষয়ে জানতে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। তিনি ফোন রিসিভ না করায় ক্ষুদে বার্তা পাঠানো হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো সাড়া পাওয়া যায়নি।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বিচ্ছিন্ন দ্বীপাঞ্চলের চিংড়িঘেরগুলোতে নিরাপত্তা জোরদার এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

 

This theme has been developed by OURISLABD.
শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%