পেকুয়ায় দুর্গাপূজার নিরাপত্তায় ৩৬ আনসার-ভিডিপি সদস্যকে ব্রিফিং
কক্সবাজারের ১৮৮ পূজামণ্ডপে দায়িত্ব পালন করছেন ১,২০২ আনসার সদস্য।
খোরশেদুল ইসলাম,পেকুয়া:
কক্সবাজারের পেকুয়ায় শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপন নিশ্চিত করতে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ৩৬ জন আনসার ও ভিডিপি সদস্যকে ব্রিফিং দেওয়া হয়েছে। এদিকে, পুরো কক্সবাজার জেলায় ১৮৮টি পূজামণ্ডপের নিরাপত্তায় ১ হাজার ২০২ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে পেকুয়া উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে এ নিরাপত্তা ব্রিফিং অনুষ্ঠিত হয়।
উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় সূত্রে জানা গেছে, পেকুয়া উপজেলার ছয়টি পূজামণ্ডপে আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন করা ৩৬ জন আনসার ও ভিডিপি সদস্যকে এ ব্রিফিংয়ের আওতায় আনা হয়। পূজামণ্ডপে দায়িত্ব পালনের সময় সতর্ক থাকা, শৃঙ্খলা বজায় রাখা এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় করণীয় সম্পর্কে তাঁদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা আনসার ও ভিডিপির প্রশিক্ষক কাউসার হামিদ।
পেকুয়া উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, লাকী বড়ুয়া জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলার ছয়টি পূজামণ্ডপে দায়িত্ব পালনকারী আনসার ও ভিডিপি সদস্যদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে বিস্তারিত ব্রিফিং দেওয়া হয়েছে। পাশাপাশি কোনো পূজামণ্ডপে অপ্রীতিকর ঘটনা ঘটলে ‘শারদীয় সুরক্ষা’ অ্যাপের মাধ্যমে কীভাবে দ্রুত প্রতিবেদন পাঠাতে হবে, সে বিষয়েও তাঁদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
তিনি জানান, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্বপ্রাপ্ত সদস্যদের সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত তথ্য সরবরাহ এবং যথাযথ প্রক্রিয়ায় রিপোর্ট করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, নিরাপত্তাবিষয়ক এ ব্রিফিংয়ের মাধ্যমে দায়িত্বপ্রাপ্ত সদস্যরা তাঁদের করণীয় সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাবেন। এর ফলে পেকুয়ায় শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপন এবং পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে তাঁদের ভূমিকা আরও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।
This theme has been developed by OURISLABD.
