পেকুয়া থেকে কক্সবাজারে রাজমিস্ত্রির কাজে গিয়ে চার তরুণ নিখোঁজ
জয়নাল আবেদীন, পেকুয়া:
কক্সবাজারে রাজমিস্ত্রির কাজে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর পেকুয়া পৌরসভার একই এলাকার চার তরুণ নিখোঁজ হয়েছেন। গত ২৭ সেপ্টেম্বর সকালে তারা একসঙ্গে বাড়ি থেকে কক্সবাজারের উদ্দেশে রওনা হন। কক্সবাজারে পৌঁছানোর কথা পরিবারের সদস্যদের ফোনে জানানোর পর থেকেই তাদের ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। কয়েক দিন পেরিয়ে গেলেও তাদের সন্ধান না পাওয়ায় পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে।
নিখোঁজ চার তরুণ হলেন—পেকুয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বকসুচৌকিদার পাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে মো. হাসান (২১), নেজাম উদ্দীনের ছেলে ইমরান (২২), আক্তার হোসেনের ছেলে রাইহান (২২) এবং ইয়াকুব মিয়ার ছেলে শাহ জামাল।
পরিবারের সদস্যদের ভাষ্য, গত ২৭ সেপ্টেম্বর সকালে রাজমিস্ত্রির কাজে কক্সবাজার যাওয়ার কথা বলে চার তরুণ নিজ নিজ বাড়ি থেকে বের হন। পরে সকাল ১১টার দিকে তারা পরিবারের সদস্যদের ফোন করে কক্সবাজারে পৌঁছানোর কথা জানান। ওই ফোন কলের পর থেকে তাদের সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি। মোবাইল ফোনগুলোও বন্ধ পাওয়া যাচ্ছে।
পরিবারের সদস্যরা জানান, নিখোঁজ হওয়ার পর থেকে আত্মীয়স্বজন, পরিচিতজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ নেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত চার তরুণের কোনো সন্ধান পাওয়া যায়নি। একই এলাকার চার তরুণ একসঙ্গে নিখোঁজ হওয়ায় পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ আরও বেড়েছে।
নিখোঁজ তরুণদের পরিবারের পক্ষ থেকে তাদের সন্ধানে বিভিন্নভাবে খোঁজখবর চালানো হচ্ছে। তাদের অবস্থান সম্পর্কে কোনো ব্যক্তি তথ্য পেলে নিকটস্থ থানায় অথবা পরিবারের সদস্যদের জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।
এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে কোনো সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে কি না, তা প্রতিবেদনের সময় নিশ্চিত হওয়া যায়নি।
This theme has been developed by OURISLABD.