পেকুয়ার বারবাকিয়ায় বৃদ্ধার রহস্যজনক মৃত্যু
খোরশেদুল ইসলাম, পেকুয়া:
কক্সবাজারের পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের আন্নরআলী পাড়া এলাকায় গুলবাহার (বৃদ্ধা) নামে এক নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে। খাবারের সঙ্গে বিষজাতীয় কিছু খাইয়ে তাকে হত্যা করা হয়েছে—এমন অভিযোগ উঠেছে। একই সঙ্গে মোটা অঙ্কের টাকার বিনিময়ে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে প্রচার করে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে বলেও অভিযোগ স্থানীয়দের।
নিহত গুলবাহার ওই এলাকার গোলাম কাদেরের স্ত্রী। দীর্ঘদিন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়।
গুলবাহারের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর তার কয়েকজন সৎ ছেলে বাড়ি ছেড়ে চলে গেছেন বলে স্থানীয়দের মধ্যে আলোচনা রয়েছে। তাদের মধ্যে একজন বিদেশে চলে গেছেন বলেও স্থানীয়ভাবে গুঞ্জন শোনা যাচ্ছে। নিহত নারীর একমাত্র ছেলে বিদেশে অবস্থান করায় পরিবারের পক্ষ থেকে বিষয়টি যথাযথভাবে অনুসন্ধান করা কঠিন হয়ে পড়েছে বলে স্থানীয়রা জানান।
এদিকে, স্থানীয়দের একটি অংশের দাবি, গুলবাহার মানসিকভাবে অসুস্থ ছিলেন। ফলে তার মৃত্যু আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে—তা নিয়ে এলাকায় নানা প্রশ্ন দেখা দিয়েছে।
ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে—এমন অভিযোগও করেছেন স্থানীয় কয়েকজন। তবে এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য আনছারের বক্তব্য জানতে গতকাল থেকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। স্থানীয়দের দাবি, নিহত গুলবাহার ইউপি সদস্য আনছারের স্বজন।
গুলবাহারের মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
This theme has been developed by OURISLABD.
