পেকুয়ার শিলখালীতে পুলিশের মাদকবিরোধী অভিযান, ইয়াবাসহ আটক ২
খোরশেদুল ইসলাম, পেকুয়া :
কক্সবাজারের পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের কসাইপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪১ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে আটক দুজনের কাছ থেকে ৪১ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০০ টাকার একটি নোট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন—শিলখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কাছাড়ীমোড়া (কসাইপাড়া) এলাকার সোনা মিয়ার ছেলে মো. সেলিম (২৫) এবং মৃত আমিনুল হকের ছেলে মো. রমিজ (৪৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিলখালী ইউনিয়নের কসাইপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে মাদক সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে এলাকায় মাদকের বিস্তার রোধে পুলিশের মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ওসি মেহেদী হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল কসাইপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৪১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে পুলিশ জানায়।
পেকুয়া থানার পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইনে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।
This theme has been developed by OURISLABD.