জমি বিরোধে পেকুয়ায় কৃষক-লীগ নেতার নেতৃত্বে হামলা, বৃদ্ধাসহ আহত ৩
পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়ায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে উপজেলা কৃষক লীগের এক সাবেক সভাপতির নেতৃত্বে সশস্ত্র হামলার অভিযোগ উঠেছে। এতে এক ষাটোর্ধ্ব বৃদ্ধাসহ অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন।
গত রোববার (৩০ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে পেকুয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বকসু চৌকিদারপাড়া এলাকায় এই সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন—ওই এলাকার মৃত আহমদ মিয়া চৌধুরীর মেয়ে শাহেদা খানম নাসরিন (৬৪), মৃত আনোয়ার আজিম চৌধুরীর ছেলে জামাল উদ্দিন (৫৫) ও মো. এনাম (৩২)।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শাহেদা খানম নাসরিনের মালিকানাধীন জমিতে শ্রমিকদের নিয়ে চাষাবাদ করছিলেন জামাল ও এনাম। এ সময় উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি রশিদ আহমদ (প্রকাশ ভেট্টা)-এর নেতৃত্বে জালিয়াখালী এলাকার ফজু মিয়া ও তাঁর ছেলে মো. জাহেদসহ ১০ থেকে ১৫ জনের একদল লোক দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তাঁদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীদের বাঁধায় একপর্যায়ে রক্তাক্ত হন শাহেদা খানমসহ তিনজন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।
তবে হামলার অভিযোগের বিষয়ে অভিযুক্ত রশিদ আহমদসহ অপরাপর ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।
This theme has been developed by OURISLABD.