শিরোনাম ::
শিরোনাম ::

যানজট কমানো, ডাস্টবিন স্থাপন ও খেলার মাঠ উদ্ধারের দাবি পেকুয়ায়

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

খোরশেদুল ইসলাম,পেকুয়া:

যানজট নিরসন, ফুটপাত দখলমুক্ত করা, নির্দিষ্ট স্থানে ডাস্টবিন স্থাপন ও ঐতিহ্যবাহী খেলার মাঠ উন্মুক্ত করার দাবিতে পেকুয়ায় লিখিত আবেদন করেছেন উপজেলা যুবদলের আহ্বায়ক কামরান জাদিদ মুকুট।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে কর্মরত সাংবাদিকদের সঙ্গে নিয়ে পেকুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনিসুল ইসলামের কাছে আবেদনটি জমা দেন তিনি।

আবেদনে পেকুয়া চৌমুহনী ও বাজারের প্রধান সড়কের দুই পাশে থাকা ভাসমান দোকান ও হকার নিয়ন্ত্রণ, যানজট নিরসন, বাজারের বিভিন্ন স্থানে ডাস্টবিন স্থাপন এবং ময়লা-আবর্জনা অপসারণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

এ ছাড়া পেকুয়া বাজারের ছালেহা কবির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের খেলার মাঠ দখলমুক্ত করে শিশু-কিশোরদের খেলাধুলার উপযোগী করা এবং বাজারে চুরি প্রতিরোধে হাই-পাওয়ার ক্যামেরা স্থাপনের দাবিও জানানো হয়েছে।

কামরান জাদিদ মুকুট বলেন, “পেকুয়া বাজার ও চৌমুহনীতে দীর্ঘদিন ধরে যানজট ও ফুটপাত দখলের কারণে মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন। একই সঙ্গে ময়লা-আবর্জনা ও খেলার মাঠের সংকটও রয়েছে। এসব সমস্যা সমাধানে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেই আবেদন করেছি।”

সহকারী কমিশনার (ভূমি) আনিসুল ইসলাম বলেন, “আবেদনে জনগুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় তুলে ধরা হয়েছে। ডাস্টবিন স্থাপনের জন্য জায়গা চিহ্নিত করতে তহসিলদারকে নির্দেশ দেওয়া হয়েছে। যানজট ও ফুটপাত দখলমুক্ত করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে।”

খেলার মাঠ প্রসঙ্গে তিনি বলেন, “জায়গাটির ফাইল বের করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তহসিলদারকে নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি জায়গা দখলের প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

পরে তাঁর নির্দেশে তহসিলদার মাহামুদুল হক যুবদল নেতা মুকুট ও সাংবাদিকদের সঙ্গে নিয়ে সম্ভাব্য ডাস্টবিন স্থাপনের স্থান ও খেলার মাঠ পরিদর্শন করেন।

স্থানীয়দের প্রত্যাশা, প্রশাসনের উদ্যোগে পেকুয়া বাজার ও চৌমুহনীর যানজট, ফুটপাত দখল ও বর্জ্য ব্যবস্থাপনার সমস্যা কমার পাশাপাশি শিশু-কিশোরদের জন্য খেলার মাঠটি পুনরায় উন্মুক্ত হবে।

This theme has been developed by OURISLABD.
শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%