কক্সবাজারে পুলিশ সদস্যের বাড়িতে ডিএনসির অভিযান, ৯০ হাজার ইয়াবা ও ৩০ লাখ টাকা উদ্ধার
কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজার শহরের ঝিলংঝার উত্তর হাজীপাড়ায় এক পুলিশ কর্মকর্তার বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ টাকা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। অভিযানে ৯০ হাজার ইয়াবা ট্যাবলেট ও নগদ ৩০ লাখ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে শুরু হওয়া এ অভিযান প্রায় তিন ঘণ্টা ধরে চলে। এ সময় আশিক মোমেন মেহেদী (২৩), সাদিয়া ফারহানা (২৩) ও সায়মন সরোয়ার (১৬) নামে তিনজনকে আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, আটক আশিক মোমেন মেহেদী টেকনাফের হ্নীলা ইউনিয়নের শামসুল আলমের ছেলে এবং কক্সবাজার কোর্ট পুলিশের এসআই শহীদের শ্যালক। প্রায় ৭-৮ বছর আগে ঝিলংঝার হাজীপাড়ায় ওই পুলিশ কর্মকর্তা বাড়িটি নির্মাণ করেন বলে স্থানীয়রা জানান। সেখানে আশিক মোমেন মেহেদী পরিবারের সঙ্গে বসবাস করতেন বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দা ও যুবদল নেতা আমির আলী অভিযোগ করেন, পুলিশ কর্মকর্তা শহীদের সঙ্গে যোগসাজশে তাঁর শ্যালক মোমেন মেহেদী দীর্ঘদিন ধরে মাদক পাচারের সঙ্গে জড়িত। কিছুদিন আগে ওই বাড়িতে বিপুল পরিমাণ ইয়াবা মজুদের খবর পেয়ে স্থানীয় কয়েকজন যুবক প্রতিবাদ জানিয়েছিলেন বলেও দাবি করেন তিনি।
আমির আলীর আরও অভিযোগ, ওই ঘটনার জের ধরে প্রতিবাদকারী যুবকদের বিরুদ্ধে ছিনতাইয়ের মামলা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল। বিষয়টি থানাকে জানানো হলেও মাদক মজুদের অভিযোগ গুরুত্ব না পেয়ে ছিনতাইয়ের অভিযোগকে গুরুত্ব দেওয়া হয়েছিল বলে দাবি তাঁর।
তবে পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ওঠা এসব অভিযোগের স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
এদিকে, পুলিশ কর্মকর্তার বাড়িতে ডিএনসির অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ টাকা উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া মাদক ও টাকার উৎস এবং আটকদের সঙ্গে এর সংশ্লিষ্টতা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
This theme has been developed by OURISLABD.