পেকুয়ায় শক্তি ফাউন্ডেশনের বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়া পৌরসভার মইয়্যাদিয়া সাইক্লোন সেন্টারে এনজিও সংস্থা ‘শক্তি ফাউন্ডেশন ফর ডিসঅ্যাডভান্টেজড উইমেন’-এর উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন।
ক্যাম্পে এমবিবিএস ও বিশেষজ্ঞ চিকিৎসকরা আগত বিভিন্ন বয়সী নারী-পুরুষের স্বাস্থ্য পরীক্ষা করেন এবং প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ ও বিনামূল্যে ওষুধ প্রদান করেন। চিকিৎসাসেবা পেয়ে সন্তোষ প্রকাশ করে স্থানীয় বাসিন্দা মনোয়ারা বেগম জানান, কোনো খরচ ছাড়াই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ ও ওষুধ পেয়ে এলাকার দরিদ্র ও অসচ্ছল মানুষ দারুণভাবে উপকৃত হয়েছে।
সুবিধাবঞ্চিতদের পাশে থাকার অঙ্গীকার শক্তি ফাউন্ডেশনের পেকুয়া শাখা ব্যবস্থাপক মো. শাহ আলম জানান, অর্থের অভাবে যারা চিকিৎসা পান না, সেসব সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়াই তাদের মূল লক্ষ্য। স্থানীয় সামাজিক সংগঠন ‘নূর আয়েশা খান ফাউন্ডেশন’-এর স্বেচ্ছাসেবীদের সহায়তায় সফলভাবে সম্পন্ন হওয়া এই মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি ব্যক্ত করেন।
উদ্বোধনী ও সেবা প্রদান কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন শক্তি ফাউন্ডেশনের হেলথ কো-অর্ডিনেটর মো. মতিউর রহমান, আল বারাকা হাসপাতালের পরিচালক মো. জয়নাল আবেদীন, নূর আয়েশা খান ফাউন্ডেশনের চেয়ারম্যান এম. ইসমাঈল খান, আরটিআই পেকুয়ার পরিচালক মো. তাজবিদ, মইয়্যাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাশেম ও প্রবাসী মো. মাহমুদুল ইসলাম খোকা।
This theme has been developed by OURISLABD.