পেকুয়ায় উৎসবমুখর পরিবেশে সোনালী বাজার পরিচালনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত
খোরশেদুল ইসলাম, পেকুয়া (কক্সবাজার):
কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা সোনালী বাজার পরিচালনা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে বাজারের মোট সাতটি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন ১৩ জন প্রার্থী। ভোট গণনা শেষে মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুস চৌধুরী আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।
সভাপতি পদে ছাতা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন মো. নুরুল আজিম। তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী ছিলেন চেয়ার প্রতীকের নুরুল আবছার।
সাধারণ সম্পাদক পদে দেওয়ালঘড়ি প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন আ জ ম নাছির উদ্দিন। তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন ফুটবল প্রতীকের মো. নুরুল আলম।
সহ-সভাপতি পদে হাঁস প্রতীক নিয়ে জয়লাভ করেন হুমায়ন কবির। পরাজিত প্রার্থী ছিলেন প্রজাপতি প্রতীকের শাহ জাহান আলম।
অর্থ সম্পাদক হিসাবে তালাচাবি প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন তারেক হোছাইন ইমরান। তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন জগ প্রতীকের মো. নুরুল আজিম।
চারজন প্রার্থীর মধ্যে সর্বোচ্চ ভোটে ৩ জন নির্বাচিত হয়েছেন। বিজয়ীরা হলেন— মো. নুরুন্নবী (মই), এস এম ফোরকান (মোরগ) এবং মুহাম্মদ নুরুল আবছার (টিউবওয়েল)। এই পদে আম প্রতীক নিয়ে পরাজিত হন আতাউল হায়দার রুবেল।
নির্বাচন পরিচালনা সূত্র জানায়, সোনালী বাজার পরিচালনা কমিটির মোট ২৭৪ জন ভোটারের মধ্যে ২৫৭ জন নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন।
ভোটগ্রহণ চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন মগনামা ইউপি চেয়ারম্যান ইউনুচ চৌধুরী এবং পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সকাল থেকেই দায়িত্বে ছিলেন গ্রাম পুলিশ ও পেকুয়া থানা পুলিশের সদস্যরা। ভোটকে কেন্দ্র করে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে দিনভর আমেজ লক্ষ করা গেছে। সোনালী বাজার নির্বাচন,মোট ভোটার: ২৭৪ জন,প্রদত্ত ভোট ২৫৭ জন, মোট পদ ৭টি মোট প্রার্থী: ১৩ জন
নির্বাচন পরিচালনার মূল দায়িত্ব পালন করেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আজিজুল হক, মাস্টার হানিফ চৌধুরী, উজানটিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ওসমান গনি, ইউপি সদস্য শাহ আলম, কামাল উদ্দিন, বিএনপি নেতা তৌহিদুল ইসলাম নুরী ও শফিউল আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। নির্বাচন সূচনার পর থেকে ফলাফল ঘোষণা পর্যন্ত পুরো প্রক্রিয়ার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন চেয়ারম্যান ইউনুস চৌধুরী।
এদিকে ভোটগ্রহণ চলাকালে এক মর্মান্তিক ঘটনা ঘটে। নির্বাচনী দায়িত্ব পালনকালে সোনালী বাজারের নৈশপ্রহরী জসিম উদ্দিন হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
তাঁর আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে। মগনামা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে চেয়ারম্যান ইউনুস চৌধুরী নিহত জসিম উদ্দিনের পরিবারের হাতে নগদ ২০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।
This theme has been developed by OURISLABD.
Post a Comment