চকরিয়ায় ১৯ হাজার পিস ইয়াবাসহ লোহাগাড়ার যুবক আটক; পিকআপ জব্দ
চকরিয়া প্রতিনিধিঃ
কক্সবাজারের চকরিয়ায় পুলিশের এক বিশেষ অভিযানে ১৯ হাজার ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করা হয়েছে। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি নীল রঙের মিনি ট্রাক (পিকআপ) জব্দ করে পুলিশ।
শনিবার (৪ জুলাই) ভোর পৌনে ৬টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার জিদ্দাবাজার এলাকায় এই অভিযান চালানো হয়।
আটককৃত যুবকের নাম মো. এহসান (২৬)। তিনি চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের নয়াপাড়াস্থ সাতঘর এলাকার বাসিন্দা বলে পুলিশ নিশ্চিত করেছে।
চকরিয়া থানার অপারেশন অফিসার এসআই শাহেদ জানান:গোপন সংবাদের ভিত্তিতে জিদ্দাবাজারের জনৈক ফারুকের দোকানের সামনে মহাসড়কে এই বিশেষ অভিযান চালানো হয়। রাস্তা পারাপারের সময় প্রথমে এহসানকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মিনি ট্রাকে তল্লাশি চালিয়ে ১৯ হাজার ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
চকরিয়া থানা পুলিশ সূত্রে জানা গেছে, থানার এসআই মো. শাহেদুল্লাহ, এসআই সুজন বিকাশ এবং এসআই আমজাদের নেতৃত্বে একদল পুলিশ সদস্য এই সফল অভিযান পরিচালনা করেন।
এই ঘটনায় আটককৃত আসামির বিরুদ্ধে চকরিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে (থানা মামলা নং-০৯, তারিখ-০৪/০৭/২০২৬, জিআর নং-২৮৮)। পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
This theme has been developed by OURISLABD.
Post a Comment