পেকুয়ায় বন্যার্ত ৮০০ পরিবারের মাঝে যুবদল নেতার শুকনো খাবার বিতরণ
খোরশেদুল ইসলাম, পেকুয়া (কক্সবাজার)
কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নে সাম্প্রতিক টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি ৮০০ পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। মগনামা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক নুরুল ইসলামের ব্যক্তিগত উদ্যোগে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
শুক্রবার (১০ জুলাই) জুমার নামাজ শেষে প্রথম ধাপে মগনামা ইউনিয়নের ৫, ৬, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের বন্যাকবলিত ৮০০ পরিবারের হাতে এসব শুকনো খাবার তুলে দেওয়া হয়।
স্থানীয় সূত্র জানায়, গত কয়েকদিনের টানা ভারী বর্ষণে মগনামা ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে প্রায় পাঁচ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। অনেক পরিবারের ঘরে পানি প্রবেশ করায় রান্নাবান্না বন্ধ রয়েছে। ফলে চরম খাদ্য সংকটে পড়েছেন দুর্গত এলাকার মানুষ। বিশেষ করে নারী, শিশু ও বৃদ্ধরা সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাচ্ছেন।
"দুর্যোগপূর্ণ এই সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের সবার নৈতিক দায়িত্ব। দলের শীর্ষ নেতৃবৃন্দের নির্দেশনায় সাধ্যমতো বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। প্রথম পর্যায়ে ৮০০ পরিবারকে শুকনো খাবার দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে ইউনিয়নের অন্যান্য ওয়ার্ডের বন্যাকবলিত মানুষের মাঝেও এই সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।"নুরুল ইসলাম, আহ্বায়ক, মগনামা ইউনিয়ন যুবদল।
ত্রাণ বিতরণকালে যুবদল নেতা নুরুল ইসলাম সমাজের বিত্তবান, প্রবাসী এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী ও মানবিক সংগঠনকে দলমত নির্বিশেষে এই দুর্যোগে বন্যাদুর্গত মানুষের পাশে এগিয়ে আসার আহ্বান জানান।
এ সময় স্থানীয় যুবদল, ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
This theme has been developed by OURISLABD.
Post a Comment