অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে মগনামা ইউপি চেয়ারম্যানের সামাজিক বার্তা, নেট দুনিয়ায় ব্যাপক প্রশংসা
রেজাউল করিম রেজা, পেকুয়া (কক্সবাজার):
বর্তমানে দেশের অন্যতম প্রধান সামাজিক ব্যাধি অনলাইন জুয়া, বেটিং অ্যাপস এবং মাদকের ভয়াবহ থাবা থেকে যুবসমাজকে রক্ষা করতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক জোরালো ও সময়োপযোগী আহ্বান জানিয়েছেন কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইউনুস চৌধুরী। সম্প্রতি জাতীয় সংসদে পাস হওয়া নতুন কঠোর আইন এবং উত্থাপিত বিলের প্রশংসা করে তাঁর দেওয়া এই পোস্টটি সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে এবং সর্বস্তরের মানুষের প্রশংসা কুড়াচ্ছে।
চেয়ারম্যান মোঃ ইউনুস চৌধুরী তাঁর পোস্টে উল্লেখ করেন, সহজে ও দ্রুত অর্থ উপার্জনের মরণফাঁদে পড়ে তরুণ সমাজ সর্বস্ব হারাচ্ছে এবং মাদক যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এই সামাজিক ব্যাধি দমনে কঠোর আইন প্রণয়নের কার্যকর উদ্যোগ গ্রহণ করায় তিনি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাহউদ্দিন আহমদ-এর প্রতি গভীর কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।
ডিজিটাল প্ল্যাটফর্মে অপরাধ দমনে নতুন আইনের কঠোর শাস্তির দিকগুলো সাধারণ মানুষের সচেতনতার জন্য তিনি তাঁর বার্তায় বিস্তারিত তুলে ধরেন: অনলাইন জুয়া পরিচালনা, প্রচার, আর্থিক লেনদেন কিংবা এতে অংশগ্রহণের সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড এবং সর্বোচ্চ ৫ কোটি টাকা জরিমানার কঠোর বিধান রাখা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন) বিল, ২০২৬: গত ২৭ জুন ২০২৬ তারিখে জাতীয় সংসদে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী "মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন) বিল, ২০২৬" উত্থাপন করেছেন। বিলটি চূড়ান্ত আইন হিসেবে পাস হলে মাদক উৎপাদন, পরিবহন, বিক্রয়, সংরক্ষণ ও সেবনের বিরুদ্ধে রাষ্ট্র আরও কঠোর ও আপসহীন ব্যবস্থা গ্রহণ করতে পারবে।
যুবসমাজকে এই অন্ধকার পথ থেকে ফিরিয়ে আনতে রাষ্ট্রীয় আইনের পাশাপাশি পারিবারিক সচেতনতাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন মগনামা ইউপি চেয়ারম্যান। সন্তানদের সুন্দর ভবিষ্যৎ রক্ষায় অভিভাবকদের প্রতি বিশেষ আহ্বান জানিয়ে তিনি বলেন:
সন্তান প্রতিদিন কোথায় যাচ্ছে এবং কার সাথে মেলামেশা করছে, সেদিকে প্রতিটি অভিভাবককে সচেতন নজর রাখতে হবে।
তরুণ প্রজন্ম মোবাইল স্ক্রিনে কী দেখছে এবং ইন্টারনেটে বা অনলাইনে তারা কীসের সাথে যুক্ত হচ্ছে—তা নিয়মিত পর্যবেক্ষণ করা জরুরি।
পরিবার থেকেই সন্তানদের নৈতিক শিক্ষা, ধর্মীয় মূল্যবোধ ও মানবিক গুণাবলি শেখাতে হবে; অন্যথায় পরিবার, সমাজ বা রাষ্ট্র কোনোটিই নিরাপদ থাকবে না।
চেয়ারম্যান ইউনুস চৌধুরী তাঁর পোস্টে দৃঢ়তার সাথে উল্লেখ করেন, মগনামা ইউনিয়ন পরিষদ সবসময়ই মাদক, জুয়া, সন্ত্রাস ও যেকোনো সামাজিক অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে। এই সচেতনতা ও প্রতিরোধমূলক কার্যক্রমের অংশ হিসেবে সম্প্রতি পেকুয়া থানা পুলিশকে সাথে নিয়ে ইউনিয়নের বিভিন্ন মাদক ক্রয়-বিক্রয় কেন্দ্রে সফল যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে।
বার্তার শেষাংশে তিনি ইউনিয়নবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে বলেন, "মগনামা ইউনিয়নকে একটি নিরাপদ, সুন্দর ও সুস্থ আদর্শ সমাজ হিসেবে গড়ে তুলতে আমাদের সবাইকে দলমত নির্বিশেষে একসঙ্গে কাজ করতে হবে। মনে রাখবেন, আজকের একটি ভুল সিদ্ধান্ত আপনার নিজের জীবন, পরিবার এবং ভবিষ্যৎকে চিরতরে ধ্বংস করে দিতে পারে।
নেটিজেন ও স্থানীয় বাসিন্দাদের মতে, জনপ্রতিনিধিদের কাছ থেকে আসা এমন দায়িত্বশীল ও সচেতনতামূলক বার্তা তৃণমূল পর্যায়ে অপরাধ নিয়ন্ত্রণে এবং তরুণদের সচেতন করতে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করবে।
This theme has been developed by OURISLABD.
Post a Comment