পেকুয়ায় বন্যা কবলিতদের পাশে জেলা প্রশাসক: পানিবন্দিদের মাঝে ত্রাণ ও ওষুধ বিতরণ
খোরশেদুল ইসলাম,পেকুয়া:
কক্সবাজারের বন্যাকবলিত পেকুয়া উপজেলা পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণসামগ্রী ও জরুরি ওষুধ বিতরণ করেছেন কক্সবাজারের জেলা প্রশাসক আবদুল মান্নান।
গতকাল শনিবার (১১ জুলাই) দুপুরে উপজেলার বিভিন্ন দুর্গম ও প্লাবিত এলাকা পরিদর্শন করেন তিনি। এ সময় পেকুয়া সদর ইউনিয়নের বাংলাপাড়া গ্রামে পানিবন্দি দুর্গত মানুষের মাঝে যান এবং তাঁদের সার্বিক খোঁজখবর নেন। পরে জেলা প্রশাসক ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্তদের হাতে ত্রাণসামগ্রী ও প্রয়োজনীয় ওষুধপত্র তুলে দেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক আবদুল মান্নান বলেন, "বন্যাদুর্গত এলাকার একজন মানুষও যেন অনাহারে বা বিনা চিকিৎসায় না থাকেন, তা নিশ্চিত করা হচ্ছে। প্রশাসন সার্বক্ষণিক ক্ষতিগ্রস্ত মানুষের পাশে রয়েছে।" এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের ত্রাণ বিতরণ ও জরুরি চিকিৎসা সহায়তা কার্যক্রম নিরবচ্ছিন্নভাবে অব্যাহত রাখার কড়া নির্দেশনা দেন।
উপজেলা পরিদর্শন ও ত্রাণ বিতরণকালে কক্সবাজার জেলা প্রশাসকের সাথে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) নুরুল আকতার নিলয়, পেকুয়া প্রেস ক্লাবের সভাপতি মো. ছফওয়ানুল করিম এবং উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সালাহউদ্দিন প্রমুখ।
স্থানীয় সূত্র জানায়, টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে পেকুয়ার নিম্নাঞ্চলের বিপুল সংখ্যক মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। সরকারি সহায়তার পাশাপাশি দুর্গত এলাকায় সুপেয় পানি ও জরুরি ওষুধ সরবরাহ ব্যবস্থা সচল রাখতে কাজ করছে উপজেলা প্রশাসন।
This theme has been developed by OURISLABD.
Post a Comment