পাহাড়ধসে বন্ধ সড়ক সচল করল নাইক্ষ্যংছড়ি হিল ভিডিপি: ভোগান্তি লাঘব দুই শতাধিক পরিবারের।
মোঃ নুরুল হাকিম, রামু প্রতিনিধি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় টানা এক সপ্তাহ ধরে চলা ভারী বর্ষণে সৃষ্ট পাহাড়ধসে প্রধানঝিরি-জামছড়ি সড়কের একটি গুরুত্বপূর্ণ অংশ বন্ধ হয়ে গিয়েছিল। এতে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল দুই শতাধিক পরিবারের যোগাযোগ ব্যবস্থা। তবে উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) হিল ভিডিপি সদস্যদের তাৎক্ষণিক ও সাহসী উদ্যোগে সড়কটি দ্রুত যান চলাচলের উপযোগী করে তোলা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার সন্ধ্যায় অব্যাহত বৃষ্টির কারণে পাহাড়ের একটি বড় অংশ ধসে প্রধানঝিরি থেকে জামছড়িগামী সড়কের ওপর আছড়ে পড়ে। এতে বিপুল পরিমাণ মাটি, কাদা ও উপড়ে পড়া গাছপালা জমে সড়কের সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। গুরুত্বপূর্ণ এই সড়কটি বন্ধ হয়ে যাওয়ায় স্থানীয় বাসিন্দাদের নিত্যপ্রয়োজনীয় যাতায়াত বাধাগ্রস্ত হয়। সবচেয়ে বেশি সংকটে পড়েন স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা, যাদের যাতায়াত পথ দীর্ঘক্ষণ বন্ধ থাকায় তাদের শিক্ষাকার্যক্রম ব্যাহত হওয়ার শঙ্কা দেখা দেয়।
সোমবার সকালে বিষয়টি নজরে এলে উপজেলা সহকারী কোম্পানি কমান্ডার মোহাম্মদ যোবাইয়ের হোসেন তাৎক্ষণিক বিষয়টি উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক আশু বড়ুয়াকে অবগত করেন। এরপরই জেলা কমান্ড্যান্টের নির্দেশনায় জরুরি ভিত্তিতে উদ্ধার অভিযানের পরিকল্পনা নেওয়া হয়।
সোমবার সকাল থেকেই প্রবল দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে মোহাম্মদ যোবাইয়ের হোসেনের নেতৃত্বে হিল ভিডিপির একটি চৌকস দল ঘটনাস্থলে পৌঁছায়। উদ্ধারকারী দল কোদাল, দা ও প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে সড়কের ওপর জমে থাকা মাটি অপসারণের কাজ শুরু করে। দীর্ঘ কয়েক ঘণ্টার নিরলস শ্রমে এবং স্থানীয়দের সহযোগিতায় সড়কের ওপর থেকে মাটি ও গাছপালা সরিয়ে ফেলে যোগাযোগ ব্যবস্থা পুনরায় সচল করা হয়।
এ বিষয়ে উপজেলা সহকারী কোম্পানি কমান্ডার মোহাম্মদ যোবাইয়ের হোসেন বলেন, সংবাদ পাওয়ার সাথে সাথেই আমাদের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। জনদুর্ভোগ লাঘব করে দ্রুত যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করাই আমাদের মূল লক্ষ্য ছিল। হিল ভিডিপির সদস্যরা দুর্যোগের প্রতিটি মুহূর্তে সাধারণ মানুষের পাশে থাকতে বদ্ধপরিকর।
উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক আশু বড়ুয়া জানান, জেলা কমান্ড্যান্টের কঠোর নির্দেশনা ছিল যেন কোনো জরুরি প্রয়োজনে আমরা দ্রুত সাড়া দেই। এই মানবিক দায়িত্ববোধ থেকেই আমাদের সদস্যরা ঝুঁকি নিয়ে কাজ করেছেন। ভবিষ্যতেও যেকোনো প্রাকৃতিক দুর্যোগে নাইক্ষ্যংছড়িবাসী আমাদের পাশে পাবেন।"সড়কটি সচল হওয়ায় স্থানীয়রা স্বস্তির নিশ্বাস ফেলেছেন।
এলাকাবাসীদের ভাষ্যমতে, হিল ভিডিপি সদস্যদের দ্রুত হস্তক্ষেপ না থাকলে সাধারণ মানুষের দুর্ভোগ আরও দীর্ঘায়িত হতো। তাদের এই জনহিতকর কাজে স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসার সৃষ্টি হয়।
This theme has been developed by OURISLABD.
Post a Comment