অতিবৃষ্টিতে জলাবদ্ধতা নিরসনে মাঠে মগনামা ইউপি চেয়ারম্যান, জাল সরানোর নির্দেশ
খোরশেদুল ইসলাম,পেকুয়া (কক্সবাজার):
টানা ভারী বর্ষণের কারণে সৃষ্ট জলাবদ্ধতা নিরসন এবং দ্রুত পানি নিষ্কাশন নিশ্চিত করতে মাঠপর্যায়ে ব্যাপক তৎপরতা শুরু করেছে কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়ন পরিষদ।
আজ (মঙ্গলবার) মগনামা ইউনিয়নের বিভিন্ন প্লাবিত এলাকা পরিদর্শনের পাশাপাশি পানি নিষ্কাশনের প্রধান মাধ্যম সুইচ গেইটগুলো পরিদর্শন করেন মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
সরেজমিনে,আজ মগনামা শরংঘোনা সুইচ গেইট, সোনালী বাজার সুইচ গেইট এবং মহুরি পাড়া-মগঘোনা সড়কের তীব্র জলাবদ্ধতা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়। এছাড়া দক্ষিণ মগনামাসহ ইউনিয়নের বিভিন্ন দুর্গত এলাকা পরিদর্শন করে পানি নিষ্কাশনের জন্য তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মগনামা ইউনিয়ন পরিষদের দায়িত্বরত ইউপি সদস্যবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রাজ্জাক, গ্রাম পুলিশ সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরিদর্শনকালে সুইচ গেইটগুলোতে মাছ ধরার জন্য পাতানো অবৈধ জাল বা কোনো ধরনের প্রতিবন্ধকতা না রাখার কঠোর নির্দেশনা দেওয়া হয়। যাতে বৃষ্টির পানি বাধাগ্রস্ত না হয়ে দ্রুত নেমে যেতে পারে।
এ বিষয়ে মগনামা ইউপি চেয়ারম্যান ইউনুচ চৌধুরী বলেন, "বর্তমান অতিবৃষ্টির পরিস্থিতিতে সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে সুইচ গেইটগুলো শতভাগ সচল রাখা এবং দ্রুত পানি প্রবাহ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। মগনামা ইউনিয়নের মানুষের জানমাল রক্ষা ও স্বাভাবিক জীবনযাত্রা সচল রাখতে আমরা সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করে যাচ্ছি।"
তিনি আরও বলেন, "জনগণের স্বার্থে মগনামা ইউনিয়ন পরিষদ সবসময় আপনাদের পাশে থাকবে। সবার প্রতি অনুরোধ, ব্যক্তিগত স্বার্থে কেউ সুইচ গেইট বা পানি চলাচলের স্বাভাবিক পথে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন না। আসুন, সবাই মিলে একটি জলাবদ্ধতামুক্ত মগনামা গড়ে তুলি।"
পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত ইউনিয়ন পরিষদের এই তদারকি ও কার্যক্রম অব্যাহত থাকবে বলে পরিষদ সূত্রে জানা গেছে।
This theme has been developed by OURISLABD.
Post a Comment