ঢলের স্রোতে কবরস্থান থেকে ভেসে এল ৩ অক্ষত মরদেহ, এলাকায় চাঞ্চল্য
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় লাগাতার ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সাঙ্গু নদীর উপচে পড়া তীব্র স্রোতে এক অভূতপূর্ব ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। বন্যার পানির তোড়ে একটি স্থানীয় কবরস্থান থেকে তিনটি মরদেহ ভেসে উঠে লোকালয়ের ঝোপঝাড়ে আটকে থাকার খবর পাওয়া গেছে। আজ শুক্রবার উপজেলার বাজালিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আলতাব আলী চৌধুরী জামে মসজিদ এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত কয়েকদিনের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সাঙ্গু নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়ে লোকালয়ে প্রবেশ করে। তীব্র স্রোতের কারণে বাজালিয়ার আলতাব আলী চৌধুরী জামে মসজিদের কবরস্থানের একাংশ ভেঙে যায়। একপর্যায়ে পানির টানে কবরস্থান থেকে তিনটি মরদেহ ভেসে বের হয়ে আসে। পরে লোকালয়ের কাছাকাছি একটি ঝোপঝাড়ের সাথে মরদেহগুলো আটকে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা।
প্রতক্ষ্যদর্শীদের মধ্য থেকে একজন জানান,পানির তীব্র স্রোতে হঠাৎ দেখতে পাই ঝোপের মধ্যে তিনটি মরদেহ আটকে আছে। সাঙ্গু নদীর স্রোত এতই বেশি ছিল যে কবরস্থানের মাটি ধসে এই ঘটনা ঘটেছে। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, মরদেহগুলো দীর্ঘদিন আগের হলেও সেগুলো এখনো প্রায় অক্ষত রয়েছে।"
ঘটনার পর স্থানীয় উৎসুক জনতা সেখানে ভিড় জমান। পরে স্থানীয়রা মিলে অত্যন্ত সতর্কতার সাথে মরদেহ তিনটি পানি থেকে উদ্ধার করেন। প্রথমে মরদেহগুলো আলতাব আলী চৌধুরী জামে মসজিদের খাটিয়ায় এনে রাখা হয়। পরবর্তীতে ধর্মীয় নিয়ম মেনে জানাজা ও আনুষ্ঠানিকতা শেষে মরদেহগুলো এলাকার অন্য একটি নিরাপদ ও উচু কবরস্থানে পুনরায় দাফন (স্থানান্তর) করা হয়।
এই অলৌকিক ঘটনার খবর ছড়িয়ে পড়লে পুরো উপজেলা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ও কৌতুহলের সৃষ্টি হয়েছে। স্থানীয় ইউনিয়ন পরিষদ ও প্রশাসন সূত্রে জানা গেছে, বন্যা পরিস্থিতির কারণে নদী তীরবর্তী এলাকার মাটি নরম হয়ে যাওয়ায় এই অনাকাঙ্ক্ষিত ধসের ঘটনা ঘটেছে। দূর্যোগপূর্ণ এই মুহূর্তে স্থানীয়দের যেকোনো জরুরি প্রয়োজনে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
This theme has been developed by OURISLABD.
Post a Comment