নাইক্ষ্যংছড়িতে রাবার বাগান থেকে ৬ রোহিঙ্গা শ্রমিক অপহরণ
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান।
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার আলীক্ষ্যং এলাকায় একটি রাবার বাগানের স্টাফ কোয়ার্টার থেকে অস্ত্রের মুখে ছয় রোহিঙ্গা শ্রমিককে অপহরণ করেছে একদল দুর্বৃত্ত। গত শুক্রবার (৩ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বাইশারী ইউনিয়নের আলীক্ষ্যং মৌজার বড়ইঝিরি এলাকার একটি বাগানে এ ঘটনা ঘটে। অপহৃতদের উদ্ধারে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যৌথ অভিযান চালাচ্ছে।
আলীক্ষ্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিলেত্য চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও বাগান কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, অপহৃত শ্রমিকরা আগে পার্শ্ববর্তী ‘বাবুল কোম্পানি’র মালিকানাধীন একটি রাবার বাগানে কর্মরত ছিলেন। সেখানে চুক্তি শেষ হওয়ার পর তারা স্থানীয় কাওসার নামের এক ব্যক্তির মালিকানাধীন রাবার বাগানে জঙ্গল পরিষ্কারের কাজে যোগ দেন। শুক্রবার রাতে কাজ শেষে তারা বাগানের স্টাফ কোয়ার্টারে অবস্থান করছিলেন। এ সময় ৭ থেকে ৮ জনের একটি মুখোশধারী সশস্ত্র দল কোয়ার্টারে প্রবেশ করে। তারা অস্ত্রের মুখে শ্রমিকদের হাত বেঁধে জোরপূর্বক অজ্ঞাত স্থানে তুলে নিয়ে যায়।
"অপহরণকারীরা সবাই মুখে মাস্ক পরা ছিল এবং তাদের হাতে আধুনিক আগ্নেয়াস্ত্র দেখা গেছে। তারা অত্যন্ত দ্রুততার সাথে শ্রমিকদের বেঁধে পাহাড়ি ভেতরের রাস্তার দিকে নিয়ে যায়।"
শনিবার (৪ জুলাই) বিকেলে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, অপহৃতরা রোহিঙ্গা শ্রমিক হওয়ায় প্রাথমিকভাবে তাদের পূর্ণাঙ্গ নাম ও পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। তবে পরিচয় শনাক্তকরণ ও তাদের উদ্ধারে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত, অপহৃতদের অবস্থান নিশ্চিত করা যায়নি এবং কোনো সন্ত্রাসী গোষ্ঠী এখনো মুক্তিপণ দাবি করেনি। দুর্গম পাহাড়ি এলাকায় তল্লাশি অভিযান আরও জোরদার করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে

Post a Comment