লোহাগাড়ায় এক পরিবারের ৩ ভাই-বোনই প্রতিবন্ধী, মেলেনি সরকারি ভাতা, অসহায় শিশুদের পাশে প্রশাসনের আশ্বাস
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নে এক হৃদয়বিদারক চিত্র সামনে এসেছে। উপজেলার সাতগড় গ্রামের বাসিন্দা শাহ আলমের চার সন্তানের মধ্যে তিনজনই জন্মগতভাবে প্রতিবন্ধী। চরম দারিদ্র্যের মধ্যে দিনাতিপাত করলেও এখন পর্যন্ত এই পরিবারের ভাগ্যে জোটেনি কোনো সরকারি প্রতিবন্ধী ভাতা। উন্নত চিকিৎসা তো দূরের কথা, বর্তমানে তিন বেলা খাবার জোগাড় করাই তাদের জন্য দুঃসাধ্য হয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শাহ আলম নিজেও একজন প্রতিবন্ধী। তার শারীরিক অবস্থার কারণে স্ত্রী রুবি আক্তার সন্তানদের রেখে বাবার বাড়িতে চলে যান এবং পরবর্তীতে অন্য জায়গায় বিয়ে করেন। সেখানে সন্তান প্রসবের সময় রুবি আক্তারের মৃত্যু হলে শাহ আলমের চার সন্তান আশ্রয়হীন হয়ে পড়ে। বর্তমানে তারা তাদের খালার বাড়িতে বসবাস করছে।
শাহ আলমের ছেলে রাজিবুল ইসলাম জানান, মায়ের মৃত্যুর পর থেকে তারা চার ভাই-বোন খালার আশ্রয়ে আছেন। কিন্তু এখন পর্যন্ত তারা কোনো ধরনের সরকারি সাহায্য বা সহযোগিতা পাননি। তাদের লালন-পালনকারী খালু বোরহান উদ্দীন বলেন, এই চার শিশুকে বড় করতে গিয়ে তাকে হিমশিম খেতে হচ্ছে। সরকারি কোনো ভাতা না পাওয়ায় তাদের ভরণপোষণ অত্যন্ত কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে।
এ বিষয়ে লোহাগাড়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা রিদুয়ানুল করিম জানান, বিষয়টি তিনি অবগত হয়েছেন এবং দ্রুততম সময়ের মধ্যে তাদের ভাতার আওতায় আনার প্রক্রিয়া শুরু করবেন। অন্যদিকে, লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বায়েজীদ-বিন-আখন্দ এই ঘটনাকে অত্যন্ত দুঃখজনক বলে অভিহিত করেছেন। তিনি জানান, তিন ভাই-বোনকে প্রতিবন্ধী ভাতার আওতায় আনার পাশাপাশি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদানের ব্যবস্থা নেওয়া হবে।
চট্টগ্রামের লোহাগাড়ায় একই পরিবারের ৩ ভাই-বোন প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও মেলেনি সরকারি ভাতা। মা হারা এই শিশুদের মানবেতর জীবনের খবর পেয়ে সহায়তার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন।
সূত্র: SomoyerKonthosor
This theme has been developed by OURISLABD.-6a1d4fea5fb7c.webp)
Post a Comment