বাঁশখালীতে পুলিশের ধাওয়া খেয়ে পালাতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনা:নিহত১ আহত১
২০ হাজার পিস ইয়াবা উদ্ধারের দাবি পুলিশের
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামের বাঁশখালীতে পুলিশের চেকপোস্টে থামার সংকেত অমান্য করে দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার সময় এক ভয়াবহ মোটরসাইকেল দুর্ঘটনায় কক্সবাজারের ঈদগাঁও উপজেলার এক যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও এক আরোহী। পুলিশের দাবি, ধাওয়া খেয়ে পালিয়ে যাওয়ার সময় ওই যুবকরা ২০ হাজার পিস ইয়াবা ফেলে যান।
গত বুধবার (১৭ জুন) দুপুরে বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের দক্ষিণ পুঁইছড়ি ফুটখালী ব্রিজ সংলগ্ন এলাকায় চেকপোস্টে এ ঘটনার সূত্রপাত হয়। পরবর্তীতে প্রায় ১০ কিলোমিটার দূরে গন্ডামারা ইউনিয়নের মহল্লাপাড়া এলাকায় মূল দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় নিহত যুবকের নাম শহীদ (৩২)। তিনি কক্সবাজার জেলার ঈদগাঁও ইউনিয়নের ভোমরিয়াঘোনা এলাকার বাসিন্দা। এ ঘটনায় আহত অপর আরোহীর নাম আরিফ আবদুল্লাহ (২৫)। তিনি কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডী কালু ফকির পাড়ার নাজির হোসেনের ছেলে। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বাঁশখালী থানা পুলিশ জানায়, বুধবার দুপুরে উপজেলার দক্ষিণ পুঁইছড়ি ফুটখালী ব্রিজ সংলগ্ন চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন এসআই জামাল হোসেন, কনস্টেবল ওয়াসিম ও কনস্টেবল রাসেলসহ একদল পুলিশ সদস্য। এ সময় একটি মোটরসাইকেলকে থামার সংকেত দেওয়া হলে আরোহীরা সংকেত অমান্য করে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
"মোটরসাইকেলটি পালানোর সময় আরোহীরা একটি কমলা রঙের ব্যাগ রাস্তায় ফেলে যায়। পরবর্তীতে ব্যাগটি তল্লাশি করে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। আমরা মোটরসাইকেলটির পিছু নিলেও অতিরিক্ত গতির কারণে কিছু দূর যাওয়ার পর সেটি আমাদের দৃষ্টির আড়ালে চলে যায়।
পুলিশ আরও জানায়, চেকপোস্ট থেকে তীব্র গতিতে পালিয়ে যাওয়ার পর প্রায় ১০ কিলোমিটার দূরে গন্ডামারা ইউনিয়নের মহল্লাপাড়া এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায়। সেখানে একটি স্পিডব্রেকার বা আইল্যান্ডের সাথে সজোরে ধাক্কা খেয়ে আরোহীরা ছিটকে পড়েন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে চিকিৎসাধীন অবস্থায় শহীদের মৃত্যু হয়।
এদিকে ঘটনাটি নিয়ে পুলিশের পক্ষ থেকে ইয়াবা উদ্ধারের দাবি করা হলেও, পুলিশ তাদের কতদূর ধাওয়া করেছিল বা পিছু নেওয়ার প্রক্রিয়াটি কেমন ছিল—তা নিয়ে স্থানীয় উৎস ও সংশ্লিষ্টদের মধ্যে ভিন্ন ভিন্ন বক্তব্য পাওয়া গেছে। তবে পুলিশের প্রাথমিক ধারণা, অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারানোর ফলেই এই দুর্ঘটনা ঘটেছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে থানা সূত্রে জানা গেছে।
This theme has been developed by OURISLABD.
Post a Comment