শৃঙ্খলা ভেঙে বাদ পড়ার পর অবসান: জাতীয় দলে ফিরলেন চকরিয়ার জিকু
ক্রীড়া প্রতিবেদক:
দীর্ঘ বিরতির পর আবারও বাংলাদেশ জাতীয় ফুটবল দলে ফিরেছেন অভিজ্ঞ গোলরক্ষক আনিসুর রহমান জিকু। সাম্প্রতিক সময়ে ঘরোয়া ফুটবলে ধারাবাহিক দুর্দান্ত পারফরম্যান্স এবং অভিজ্ঞতার প্রমাণ দিয়েই নির্বাচকদের মন জয় করেছেন চকরিয়ার এই ফুটবলার। নতুন করে জাতীয় দলের ক্যাম্পে তার ডাক পাওয়ার বিষয়টি দেশের ফুটবল অঙ্গনে বেশ ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে।
এর আগে শৃঙ্খলাভঙ্গের একটি অপ্রীতিকর ঘটনায় জাতীয় দল থেকে বাদ পড়েছিলেন জিকু। তবে সেই নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরেই নিজের জাত চিনিয়েছেন তিনি। ঘরোয়া লিগে নিয়মিত পারফর্ম করে প্রমাণ করেছেন নিজের কার্যকারিতা। মূলত সাম্প্রতিক পারফরম্যান্স এবং গোলবারের নিচে তার অতীত অভিজ্ঞতা মূল্যায়নের ভিত্তিতেই তাকে পুনরায় জাতীয় দলে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে বাফুফে সূত্রে জানা গেছে।"আগের চেয়েও বেশি আত্মবিশ্বাস নিয়ে এবার দলে ফিরেছি। দেশের জার্সি গায়ে গোলবার সামলানোর সুযোগ পেলে নিজের সেরাটা উজাড় করে দেব বলেছেন" আনিসুর রহমান জিকু।
জিকুর এই প্রত্যাবর্তনকে সাধুবাদ জানিয়েছেন ফুটবল সংশ্লিষ্টরা। তাদের মতে, গোলবারের নিচে জিকুর অভিজ্ঞতা, ঠাণ্ডা মাথার নেতৃত্ব এবং কঠিন পরিস্থিতি ও চাপ সামাল দেওয়ার সক্ষমতা জাতীয় দলের রক্ষণভাগকে আরও শক্তিশালী করবে।
এদিকে জিকুর জাতীয় দলে ফেরার খবর চকরিয়াসহ তার স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস তৈরি করেছে। স্থানীয় ফুটবল সংগঠকদের মতে, ভুল শুধরে জিকুর এই ঘুরে দাঁড়ানোর গল্প দেশের তরুণ ও উদীয়মান ফুটবলারদের জন্য বড় একটি অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।
This theme has been developed by OURISLABD.
Post a Comment