লালমনিরহাটে কলেজ ছাত্রকে অপহরণের পর ছুরিকাঘাত, থানায় মামলা
লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটে এক কলেজ শিক্ষার্থীকে অপহরণ করে নির্জন স্থানে নিয়ে এলোপাতাড়ি মারধর ও ছুরিকাঘাত করে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। গত ২৪ মে (রবিবার) রাতে সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের হাড়িভাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। এ বিষয়ে ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে লালমনিরহাট সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
আহত শিক্ষার্থীর নাম সজীব মিয়া (১৭)। তিনি লালমনিরহাট সরকারি কলেজের প্রথম বর্ষের ছাত্র এবং লালমনিরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের এলজিইডি মোড় এলাকার একটি মেসে থেকে পড়াশোনা করতেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২৪ মে রাত আনুমানিক ৯টার দিকে লালমনিরহাট শহরের মিশন মোড় এলাকায় অবস্থান করছিলেন সজীব মিয়া। এ সময় পূর্ব বিরোধের জেরে ওৎ পেতে থাকা একদল যুবক তাকে ঘিরে ধরে। অভিযুক্তরা হলেন—
মো. নাইম (২২): পিতা- জাহাঙ্গীর আলম, সাং- হাড়িভাঙ্গা (মহেন্দ্রনগর),মো. অয়ন (২২): পিতা- এনামুল সার্জেন্ট মো. নিরব (২১): পিতা- মুরশীদ রানা, বর্তমান ঠিকানা হাড়িভাঙ্গা (স্থায়ী ঠিকানা: বরাজান দুহুলী, কালীগঞ্জ)।
অভিযোগে উল্লেখ করা হয়, উল্লিখিত যুবকেরা সহ অজ্ঞাতনামা আরও ৩ থেকে ৪ জন সংঘবদ্ধভাবে সজীবকে জোরপূর্বক একটি অটোরিকশায় তুলে অপহরণের পর সজীবকে মহেন্দ্রনগর ইউনিয়নের হাড়িভাঙ্গা মৌজায় পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন একটি নির্জন স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে লাঠিসোটা ও লোহার রড দিয়ে বেধড়ক মারধর করা হয়। একপর্যায়ে সজীব মাটিতে লুটিয়ে পড়লে অভিযুক্তদের একজন কোমর থেকে ধারালো ছুরি বের করে তার পিঠে আঘাত করে গুরুতর জখম করে।
এ সময় সজীবের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসতে শুরু করলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।হামলাকারীরা পালিয়ে যাওয়ার পর আহত সজীব কোনো রকমে মোবাইল ফোনে তার বন্ধু আল-আমিনকে বিষয়টি জানান। খবর পেয়ে আল-আমিন স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করেন।
সেখানে সজীবের শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাদ আহমেদ জানান, ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং আসামিদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
This theme has been developed by OURISLABD.
Post a Comment