প্রতিশ্রুতি রক্ষা: মগনামার সোনালী বাজার স্লুইসগেট সংস্কার করে জনগণের দুর্ভোগ লাঘব করলেন চেয়ারম্যান ইউনুচ চৌধুরী
পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি:
দীর্ঘদিনের চরম দুর্ভোগের অবসান ঘটিয়ে অবশেষে পেকুয়ার মগনামা ও উজানটিয়া এলাকার মানুষের চলাচলের পথ সুগম হয়েছে। স্থানীয় সোনালী বাজার স্লুইসগেটটি ভেঙে যাওয়ার পর থেকে এই অঞ্চলের মানুষ চরম ভোগান্তি পোহাচ্ছিলেন। নির্ধারিত সময়ের প্রায় এক মাস আগেই এই সংস্কার কাজ শেষ হওয়ার কথা থাকলেও, সংশ্লিষ্ট ঠিকাদারের চরম অবহেলা, দায়িত্বহীনতা, অসহযোগিতা এবং প্রয়োজনের তুলনায় কম জিও ব্যাগ দেওয়ার একগুঁয়েমির কারণে এতদিন সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে।
অবশেষে জনগণের এই তীব্র ভোগান্তি লাঘবে ও অত্যন্ত জনগুরুত্বপূর্ণ এই রাস্তায় পুনরায় যোগাযোগ সচল করতে স্বশরীরে মাঠে নামেন মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব ইউনুচ চৌধুরী।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকালই (মঙ্গলবার) চেয়ারম্যান ইউনুচ চৌধুরী সোনালী বাজার স্লুইসগেট এলাকার রাস্তাটি দ্রুত সচল করার বিষয়ে স্থানীয় জনগণকে প্রতিশ্রুতি দিয়েছিলেন। আজ (বুধবার) তিনি নিজেই উপস্থিত থেকে সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করেন।
সরেজমিনে দেখা যায়, চেয়ারম্যান ইউনুচ চৌধুরী নিজে উপস্থিত থেকে শ্রমিকদের দিকনির্দেশনা দিচ্ছেন। তাঁর সরাসরি তত্ত্বাবধানে স্লুইসগেটের ক্ষতিগ্রস্ত অংশে জিও ব্যাগ বসানো হয় এবং তার ওপর বালি ও ইটের খোয়া ফেলে রাস্তাটি সংস্কার করা হয়। ফলে আজ থেকেই এই গুরুত্বপূর্ণ সড়ক দিয়ে সাধারণ মানুষ ও সব ধরনের যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা স্বস্তি প্রকাশ করে জানান, ঠিকাদারের গাফিলতির কারণে আমরা দীর্ঘদিন ধরে অবর্ণনীয় কষ্টে ছিলাম। কিন্তু চেয়ারম্যান মহোদয় যেভাবে মাঠে নেমে দ্রুততম সময়ে রাস্তাটি চলাচলের উপযোগী করে দিয়েছেন, তাতে আমরা অত্যন্ত আনন্দিত।
মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব ইউনুচ চৌধুরী জানান, "জনগণের দুর্ভোগ আমি নিজে সইতে পারছিলাম না। ঠিকাদারের অবহেলার কারণে কাজটি ঝুলে ছিল, কিন্তু আমি আমার এলাকার মানুষকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে পেরেছি এবং রাস্তাটি সচল করতে পেরেছি এটাই আমার বড় তৃপ্তি।তিনি আরো অভিমত ব্যক্ত করেন ভবিষ্যৎ জনগণের কল্যাণে আমার এই প্রয়াস সবসময় অব্যাহত থাকবে।"
This theme has been developed by OURISLABD.
Post a Comment